আর্জেন্টিনার মাটিতে বিশ্বকাপ বাছাইয়ে নিজের শেষ ম্যাচটা খেললেন লিওনেল মেসি। ম্যাচ শেষে সতীর্থরা এই কিংবদন্তিকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। যার কারণে মেসি বিশ্বকাপের মতো পরম অরাধ্য ট্রফি উচিয়ে ধরতে পেরেছেন, সেই এমিলিয়ানো মার্টিনেজও শিশুর মতো কেঁদেছেন বলে জানালেন। মেসির শেষ ম্যাচ তাকে ছুঁয়ে গেছে নিদারুণ গভীরভাবে।
মার্টিনেজের ভাষ্য, ‘আর্জেন্টিনায় মেসির শেষ ম্যাচ? এই ব্যাপারটা আমাকে শিশুর মতো কাঁদিয়েছে। ম্যাচের পর, আমরা ড্রেসিংরুমে গিয়ে দেখি লিওর জার্সিটা ঝুলছে। তাতে লেখা ছিল, “ধন্যবাদ, চ্যাম্পিয়নস।” সে আমাদের জন্য স্মারক হিসেবে, আর্জেন্টিনার মাঠে অধিনায়কের শেষ উপহার হিসেবে এটি রেখে গেছে, কিন্তু ম্যাচের আগে আমরা তার জন্য যা করতে পেরেছি তা ছিল এর তুলনায় নগণ্য।’
মার্টিনেজ আরও বলেন, ‘আমরা একমত হয়েছিলাম যে আজ আমরা কেবল লিওর জন্য খেলব। প্রতিটি বল, প্রতিটি পাস তার জন্য। সেই ব্যক্তি যিনি আমাদের বিশ্বচ্যাম্পিয়ন করেছেন, কোপা আমেরিকা জিতিয়েছেন। তিনিই সেই ব্যক্তি যিনি আর্জেন্টিনার গর্ব ফিরিয়ে এনেছেন। সে কি পরবর্তী বিশ্বকাপে খেলবে? আমি জানি না, তবে যদি লিও পরবর্তী বিশ্বকাপে খেলতে না পারে, তাহলে আমি মিয়ামিতে তার বাড়িতে গিয়ে তাকে পিঠে নিয়ে জাতীয় দলে ফিরিয়ে আনতে প্রস্তুত, কারণ মেসিই আর্জেন্টিনা।’
মেসিকে ছাড়া বিশ্বকাপে আর্জেন্টিনা কেমন করবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে মার্টিনেজের ভাষ্য, দলের প্রাণভোমরাকে ছাড়া তারা বিপদে পড়ে যাবেন, ‘আমাদের অধিনায়ককে ছাড়া আমরা বিপদের মধ্যে পড়ে যাবো। লিও আমাদের কেবল শিরোপাই দেননি, তিনি আমাদের বিশ্বাস-ভরসা দিয়েছেন। তিনি আমাদের আবার স্বপ্ন দেখতে শিখিয়েছেন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়ের বিদায়ী মুহূর্তে আমরা তার জন্য যা করেছি সেসব নগণ্য।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

