বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের বিপক্ষে আগের ২২ টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। বিপরীতে ১৯ ম্যাচে শেষ হাসি হেসেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। খুব স্বাভাবিকভাবেই তাই আসন্ন সিরিজের আগে সালমান আলি আগার দলকে এগিয়ে রাখছেন সবাই। দুই দলের মধ্যকার সবশেষ সিরিজেও ৩-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। পরিসংখ্যানের পাতা যখন এতো পিছিয়ে রাখছে তখন বাংলাদেশের জন্যও আছে একটা সুখস্মৃতি। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে লিটন কুমার দাসের দল।

সে সিরিজের তরতাজা স্মৃতি নিয়ে এবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার (২০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে দুই দল। আসন্ন ম্যাচের আগে সবার কৌতুহল- কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?

বিজ্ঞাপন

শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জেতে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচেও সবশেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা বেশি স্বাগতিকদের। সেই ম্যাচে ছয় ব্যাটার নিয়ে খেলেছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করেন পারভেজ হোসেন ইমন। বাকিরা ব্যাটাররা হলেন লিটন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন ও জাকের আলী। পাকিস্তানের বিপক্ষেও একাদশে এই ছয়জনের থাকা একরকম নিশ্চিত।

এছাড়া সবশেষ ম্যাচের মতো স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব পেতে পারেন শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেনরা। সবশেষ টি-টোয়েন্টিতে দারুণ বোলিং করে ম্যাচসেরা হয়েছিলেন মাহেদি। উইকেট না পেলেও রান খরচে বেশ হিসেবি ছিলেন রিশাদ। এছাড়া পেস বিভাগে শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমানের থাকার সম্ভাবনা সিকিভাগ।

একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, জাকের আলী, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন