ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ঐতিহ্যবাহী আবাহনী-মোহামেডানের শুরুটা হয়েছিল হার দিয়ে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আর ভুল করেনি দল দুটি। মিরপুরে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পায় মোহামেডান। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী বিকেএসপিতে পেয়েছে ১৬২ রানের বড় জয়। তারা জয় পায় গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বিকেএসপির অন্য মাঠে প্রাইম ব্যাংক হেরেছে দুর্বল প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাবের কাছে।
অগ্রণী ব্যাংকের কাছে হারে লিগ শুরু করা আবাহনী দ্বিতীয় ম্যাচে থামিয়ে দিল গুলশানের দাপট। ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে এই গুলশানই ঐতিহ্যবাহী মোহামেডানকে হারিয়ে দেয়। বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ১২৬ রান ও মোহাম্মদ মিঠুনের ৭২ রানে ভর করে আবাহনীর সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩২৩ রান। জবাবে জাওয়াদ আবরারের ১৮ বলে ৩৬ রানের ঝড় শুরুর পরও গুলশানের ইনিংস থামে মাত্র ১৬১ রানে। ৪০ রানে ৪ উইকেট নেন আবাহনীর স্পিনার রাকিবুল হাসান।
দিনের অন্য ম্যাচে মোহামেডান আজ রূপগঞ্জ টাইগার্সকে হারায় হেসে-খেলেই। আল আমিন জুনিয়র ও তানভীর হায়দারের ব্যাটে ভর করে রূপগঞ্জের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ২২২ রান। জবাবে মাহিদুল ইসলাম অঙ্কনের ৮১ ও তাওহিদ হৃদয়ের ৭৪ রানে ভর করে ৭৩ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় মোহামেডান।
লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই পারটেক্সের বিপক্ষে হেরেছে ৩ উইকেটে। বিকেএসপির তিন নম্বর মাঠে পারটেক্সের আলাউদ্দিন বাবুর ৩২ বলে ৭৮ রানের ঝড়ে নিশ্চিত হয় প্রাইম ব্যাংকের হার। শাহাদাত হোসেন দিপু ৬৪ ও শামীম পাটোয়ারীর ৬৯ রানে ভর করে প্রাইম ব্যাংক তুলে ৮ উইকেটে ২৯৯ রান। জবাবে আলাউদ্দিন বাবুর ব্যাটিং ঝড়ে জয় নিশ্চিত করে পারটেক্স।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

