সুপার কাপের ফাইনাল শুরুর আগে ইসরায়েলের প্রতি আগ্রাসন বিরোধী বার্তা দিলো উয়েফা। টটেনহ্যাম ও পিএসজির খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ালে তাদের সামনে তুলে ধরা হয় বিশাল এক ব্যানার। তাতে লেখা ‘স্টপ কিলিং চিলড্রেন, স্টপ কিলিং সিভিলিয়ানস।’
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে আনা হয় ফিলিস্তিনের গাজা থেকে আসা দুই শরণার্থী শিশুকে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজন করা হয়। ম্যাচ শেষে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের পাশে একই বার্তা লেখা টি-শার্ট পরে দাঁড়িয়ে ছিল তারা।
উয়েফার এক্স হ্যান্ডলে ছবিগুলো পোস্ট করে লেখা হয়, ‘বার্তাটা জোরাল ও পরিষ্কার।’ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, যুদ্ধবিধ্বস্ত নানা অঞ্চলের শিশুদের জন্যই এই বার্তা। তবে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয় গাজার শিশুদের জন্য মানবিক সহায়তার উদ্যোগের কথা।
এর আগে ফিলিস্তিনি ফুটবলার সুলেইমান আল-ওবেইদের মৃত্যু নিয়েও সমালোচনায় পড়েছিল উয়েফা। ‘ফিলিস্তিনি পেলে’ নামে খ্যাত এই ফরোয়ার্ড মারা যাবার পর ক্ষোভ প্রকাশ করেন লিভারপুলের মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। উয়েফার পোস্ট শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন, ‘আপনারা কি বলতে পারেন, তিনি কীভাবে, কোথায় ও কেন মারা গেছেন?’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

