ইফাজের বিশ্লেষণ

বোলিংয়ে কোচিং সংকট, কোথায় সেই এক্স-ফ্যাক্টর?

বোলিংয়ে কোচিং সংকট, কোথায় সেই এক্স-ফ্যাক্টর?

বাংলাদেশের ক্রিকেটে এখন সবচেয়ে বেশি প্রয়োজন একজন বিশ্বমানের পেস বোলিং ও ফিল্ডিং কোচ। দলের ফিল্ডিংয়ের মানও সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে কমেছে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে একাধিক ক্যাচ নষ্ট করে ম্যাচটি মাটিতে ফেলে এসেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজেও সে একই চিত্র। জোহানেসবার্গ টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। এরই মধ্যে দুটি ক্যাচ হাতছাড়া হয়েছে। এই ভুলের মাশুল কতটা দিতে হবেÑসেটি সময়ই বলে দেবে। তবে টেস্ট ক্রিকেটে একটি ক্যাচ ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে; জয়-পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারে। বিষয়টি এমনই গুরুত্বপূর্ণ।

একজন দক্ষ ফিল্ডিং কোচ শুধু নিয়মিত অনুশীলন করান না। তিনি দলের দুর্বলতাও খুঁজে বের করেন। ঘাটতি পূরণে নতুন পরিকল্পনা করেন। মাঠের পরিস্থিতি বুঝে খেলোয়াড়দের প্রস্তুত করেন। অথচ বাংলাদেশের ফিল্ডিং কোচের পদটিই এখন অনিশ্চয়তায়।

বিজ্ঞাপন

২০২৫ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া জেমস প্যামেন্টের চুক্তি ছিল ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু চোটের কারণে নিয়মিত দায়িত্ব পালন করতে পারেননি তিনি। বিসিবিও তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ থেকে অন্তর্বর্তী দায়িত্ব পালন করছেন সাবেক ক্রিকেটার আশিকুর রহমান মজুমদার। চলতি বছর পর্যন্ত তার থাকার কথা। অথচ দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পাঠানো হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে। জাতীয় দলের ফিল্ডিং দেখভাল করছেন সহকারী কোচ মালিবোঙ্গে মাকেতা। টেস্ট দলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে সাময়িক ব্যবস্থা দিয়ে কত দিন চলবে?

পেস বোলিং বিভাগেও একই শূন্যতা। জুনে শন টেইট দায়িত্ব ছাড়ার পর সেই অভাব স্পষ্ট হচ্ছে। তার অধীনে বাংলাদেশের পেস আক্রমণ নতুন মাত্রা পেয়েছিল। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ছিল তার সময়ের সবচেয়ে বড় সাফল্য। টেইট চলে যাওয়ার পর পেসারদের দায়িত্ব সামলাচ্ছেন সাবেক পেসার তলহা জুবায়ের। কোচ মাঠে নেমে উইকেট নেন না ঠিকই; কিন্তু কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা তারাই তৈরি করেন। বোলারদের সামর্থ্য, ফিটনেস, কাজের চাপ এবং উইকেটের চরিত্র বুঝে সঠিক সমন্বয় বের করাও তাদের দায়িত্ব।

বাংলাদেশের পেস আক্রমণ এখন চোট ও ফিটনেস সমস্যায় জর্জরিত। নাহিদ রানার চোটের তালিকাই দেখুন। জুলাইয়ে সাইড স্ট্রেইন, এরপর গ্লুট ইনজুরি, সবশেষে ল্যাব্রাম টিয়ার। তাতে অস্ট্রেলিয়া সফর, আফগানিস্তান টেস্ট ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি তার। এবার হাসান মাহমুদের ফিটনেস নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। টেনিস এলবো পুরোপুরি সেরে ওঠেনি। তৃতীয় দিনের খেলায় ব্যথার কারণে কিছু সময় মাঠের বাইরে ছিলেন। পরে ডান হাতে বাড়তি ব্যান্ডেজ নিয়ে বোলিংয়ে ফেরেন। আবুধাবি টেস্ট থেকেই এ সমস্যা বহন করছেন তিনি। দুই ইনিংস মিলিয়ে সেখানে ৪৭ ওভার বোলিং করেছিলেন।

সামগ্রিকভাবে পেসারদের ফিটনেসও বড় প্রশ্ন। তাসকিন আহমেদের গতি আগের তুলনায় কমেছে। টেস্টে দীর্ঘ স্পেল করার সময় ক্লান্তিও স্পষ্ট হয়ে ওঠে। এক সময় ইবাদত হোসেন নিয়মিত ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতেন। এখন তার গতি নেমে এসেছে ১৩০-এর ঘরে। শরিফুল ইসলাম ও খালেদ আহমেদও নিয়মিত সুযোগ পাচ্ছেন না। বেশিরভাগ ক্ষেত্রে দলের সমন্বয়ের কারণেই তাদের বাইরে থাকতে হচ্ছে।

মনে হচ্ছে পুরো বোলিং আক্রমণের ভার একা হাসান মাহমুদের কাঁধে। এটা কোনোভাবেই আদর্শ পরিস্থিতি নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্টের তৃতীয় দিন মধ্যাহ্নভোজ পর্যন্ত ইবাদত মাত্র আট ওভার বোলিং করেছেন। এমন ব্যবহারের পেছনে পরিকল্পনাটা কীÑসে প্রশ্ন উঠতেই পারে।

এ টেস্টে বাংলাদেশ খেলছে মাত্র চারজন মূল বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন শুধু মেহেদী হাসান মিরাজ। ফলে বোলারদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া এবং কাজের চাপ নিয়ন্ত্রণ করা জরুরি। দক্ষিণ আফ্রিকা খেলছে চার পেসার ও একজন স্পিনার নিয়ে। পরিকল্পনা ও তার বাস্তবায়ন যে কতটা গুরুত্বপূর্ণ, সেটিই এখানে বড় বিষয়। বাংলাদেশের বোলিংয়ে যেন সেই বাড়তি ধার, সেই এক্স-ফ্যাক্টরটাই অনুপস্থিত।

টেস্ট ক্রিকেটে জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নেওয়ার সামর্থ্য থাকতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে ডারউইনে ঐতিহাসিক প্রথম টেস্ট জয়ের পর থেকেই বাংলাদেশের বোলিংয়ে ধারাবাহিকতার অভাব। সে জয়ে হাসান মাহমুদের ছয় উইকেট বড় ভূমিকা রেখেছিল। এরপর আর বোলাররা সেভাবে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে পারেননি।

আফগানিস্তানের বিপক্ষে যে টেস্টে বাংলাদেশের জেতার কথা ছিল, সেটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। ১৪২ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়েও ইনিংস টেনে নিয়েছে আফগানরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করেছিলেন যে, বাংলাদেশের ১০ উইকেট নেওয়া উচিত ছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১-০ ব্যবধানে সিরিজ হার। আবুধাবি, মিরপুর ও সিলেট টেস্টে বাংলাদেশ খেলেছে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে। কিন্তু সেই কৌশল কাজে আসেনি।

আমি স্থানীয় কোচদের সুযোগ দেওয়ার পক্ষে। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে তাদের দায়িত্ব দেওয়ার আগে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। ভারতের দিকে তাকানো যেতে পারে। স্থানীয় কোচদের ওপর পুরোপুরি আস্থা রাখার আগে তারা গড়ে তুলেছে এমআরএফ পেস ফাউন্ডেশন। ১৯৮৭ সাল থেকে প্রতিষ্ঠানটি পেসার তৈরিতে কাজ করছে। রয়েছে সেন্টার অব এক্সিলেন্স, শক্তিশালী ঘরোয়া ক্রিকেট কাঠামো এবং দীর্ঘদিনের ক্রিকেট সংস্কৃতি। এই ভিত্তি গড়তে ভারতকে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। বাংলাদেশ এখনো সে জায়গা থেকে অনেক দূরে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ কিছু সাফল্যের দেখা পাচ্ছে। সেই অগ্রযাত্রা ধরে রাখতে হলে দুর্বল জায়গাগুলো দ্রুত ঠিক করতে হবে। শুধু প্রতিভা দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায় না। প্রয়োজন সঠিক পরিকল্পনা, দক্ষ কোচিং এবং তার কার্যকর বাস্তবায়ন। ক্রিকেটে একটি কথা আছে : ‘সময় থাকতে সতর্ক না হলে পরে মাশুল দিতে হয়’। বাংলাদেশের সামনে এখন সেই সতর্ক হওয়ার সময়।

ইয়াসেফ ইমরোজ ইফাজ

অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেট বিশ্লেষক

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...