জোহানেসবার্গ টেস্টে গ্লাভস হাতে বিশ্বরেকর্ড গড়েছেন লিটন কুমার দাস। চতুর্থ দিনের প্রথম সেশনের শুরুটা হতাশায় কাটলেও সেশনের শেষদিকে রায়ান রিকেলটন এবং কাগিসো রাবাদাকে ফেরান মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে রিকেলটন এবং রাবাদা- দুজনকেই স্টাম্পিংয়ে আউট করেছেন লিটন কুমার দাস। আর তাতে বিশ্বরেকর্ড গড়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
টেস্ট ক্যারিয়ারের ১৪৯ বছরের ইতিহাসে এক ইনিংসে কোনো উইকেটরক্ষকের সর্বোচ্চ ডিসমিসাল ছিল ৭টি। পাঁচজন উইকেটরক্ষক একসঙ্গে এই রেকর্ডের মালিক ছিলেন।
পাকিস্তানের ওয়াসিম বারি ১৯৭৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম এই কীর্তি গড়েন। পরের বছর ভারতের বিপক্ষে রেকর্ডে ভাগ বসান ইংল্যান্ডের বব টেলর। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ, ২০০০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস এবং ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জশুয়া দা সিলভা নাম লেখান এই তালিকায়। পাঁচজনেরই ছিল ৭টি করে ক্যাচ। এবার তাদেরকে টপকে গেলেন লিটন।
ওয়ান্ডারার্সে ৬টি ক্যাচ নিয়ে গতকালই বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড গড়েছিলেন লিটন। আজ চতুর্থ দিনে রিকেলটনকে স্টাম্পিং করে স্পর্শ করেন বিশ্বরেকর্ড। মেহেদী হাসান মিরাজের বলে রিকেলটনকে ফেরানোর মধ্য দিয়ে ভাঙে কাগিসো রাবাদার সঙ্গে তার ১১৭ রানের জুটিও।
এরপর রাবাদাকে স্টাম্পিং করে নতুন ইতিহাস গড়েন লিটন। পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকানোর পর মিরাজের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে স্টাম্পিংয়ের শিকার হন দক্ষিণ আফ্রিকার পেসার। লিটনের ডিসমিসালের সংখ্যাও তাতে পৌঁছে যায় আটে। টেস্টের এক ইনিংসে এত বেশি ডিসমিসাল এর আগে করতে পারেননি কোনো উইকেটরক্ষক।
এদিকে, লিটনের বিশ্বরেকর্ড হলে চতুর্থ দিনের প্রথম সেশনটা হতাশায় কেটেছে বাংলাদেশের। ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা শেষ ৩ উইকেটে আরও ১৭১ রান যোগ করে এদিন। বাংলাদেশের সামনে লিড দাঁড়িয়েছে ১৫৭ রানের।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

