টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথের সামনে উকি দিচ্ছিল দুটি রেকর্ড। তার একটি নিজের করে নিলেন অজি তারকা। লর্ডসের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নিলেন ক্যারিয়ারের ৪২তম টেস্ট ফিফটি। সেই সঙ্গে ইংল্যান্ডের মাটিতে বিদেশী ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ ফিফটি করার দিক দিয়ে পেছনে ফেললেন দুই কিংবদন্তি ক্রিকেটার অ্যালান বোর্ডার ও স্যার ভিভ রিচার্ডসকে।
লর্ডসে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে অস্ট্রেলিয়া। তবে স্মিথ এক প্রান্ত আগলে নিজের মতো করে খেলে যান। কাগিসো রাবাদা ও মার্কো জানসেনদের সামলে দলের রান বাড়িয়ে নেন। সেই সঙ্গে ৩৩তম ওভারের প্রথম বলে রাবাদাকে চার মেরে পৌছে যান রেকর্ডে।
এর আগে অ্যালান বোর্ডার ও ভিভ রিচার্ডসের সঙ্গে যৌথভাবে সফরকারী ক্রিকেটারদের মধ্যে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চ ফিফটির মালিক ছিলেন স্মিথ। তিনজনই ইংল্যান্ডে ১৭টি হাফসেঞ্চুরি করেছেন। এবার এককভাবে রেকর্ডটি নিজের করে নিলেন টেস্টে সময়ের সেরা এই ব্যাটার।
এদিন আরো একটি রেকর্ডে নাম লিখিয়েছেন স্মিথ। লর্ডসে বিদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রান করাদের তালিকায় শীর্ষে উঠে গেছেন। তার রান এখন ৫৭৮। পেছনে ফেলেছেন সোবার্স ও ডন ব্র্যাডম্যানকে। ৫৭১ রান নিয়ে বর্তমানে এ তালিকার দুইয়ে আছেন সোবার্স। ৫৫১ রান নিয়ে তিনে অবস্থান করছেন অস্ট্রেলীয় গ্রেট ব্র্যাডম্যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

