ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন জস বাটলার

ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন জস বাটলার

বড় স্বপ্ন নিয়েই চ্যাম্পিয়নস ট্রফিতে পা রেখেছিল ইংল্যান্ড। ওয়ানডের এ বৈশ্বিক আসরে শিরোপা জয়ের লড়াইয়ে অন্যতম ফেভারিটও ছিল তারা। কিন্তু দুর্ভাগ্য টানা দুই ম্যাচ হেরে আসর থেকে আগে-ভাগেই বিদায় নিশ্চিত হয়েছে ইংলিশদের। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছেড়েছেন জস বাটলার।

বিজ্ঞাপন

অবশ্য তার আগেই দেশটির সাবেক ক্রিকেটাররা তার সমালোচনায় মেতে উঠেছিলেন। অনেকে তাকে নেতৃত্ব ছাড়ার পরামর্শও দেন। আগামীকাল শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংল্যান্ড। এ ম্যাচেই ইংল্যান্ডকে শেষ বারের মতো নেতৃত্ব দেবেন ৩৪ বছরের এ তারকা ক্রিকেটার। অধিনায়কত্ব ছেড়ে বাটলার বলেন, ‘ নেতৃত্ব ছাড়ার জন্য দল ও আমার জন্য এটাই সঠিক সময়।’

একদিনের ক্রিকেটে সময়টা এমনিতেই ভালো কাটছিল না ইংল্যান্ডের। পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফিতেও মাঠের পারফরম্যান্সে উন্নতি করতে পারেনি বাটলারের দল। শেষ ২১ ওয়ানডের মধ্যে ১৫ ম্যাচেই হার মেনেছে ইংল্যান্ড। ভরাডুবির চ্যাম্পিয়নস ট্রফিতে ইংলিশরা অস্ট্রেলিয়ার পর হার মেনেছে আফগানিস্তানের কাছেও।

ইয়ন মরগান অবসরে যাওয়ার পর ২০২২ সালের জুনে সাদা বলের নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাটলার। অস্ট্রেলিয়ার মাটিতে সে বছরই ইংল্যান্ড তার নেতৃত্বেই জিতেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বে হতাশ করে ইংল্যান্ড।

সব মিলিয়ে ৪৪ ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন বাটলার। ১৮ ম্যাচে জয় পেলেও হার মেনেছে ২৫টিতে। আর একটি ম্যাচে কোনো ফল আসেনি। তবে টি-টোয়েন্টিতে অবশ্য অধিনায়ক হিসেবে ভালো করেছেন বাটলার। তার অধীনে ইংল্যান্ড সব মিলিয়ে কুড়ি ওভারের ৫১ খেলে ২৬ ম্যাচ জিতলেও বিপরীতে হার মেনেছে ২২টিতে। পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন