সাবেক ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন ক্রিকেট অবসর নিয়েছেন গেল বছরেই। টি-টোয়েন্টি ছেড়েছেন বহু আগে, ১১ বছর হতে চললো। তবে ফর্মে একটুও মরিচা পড়েনি। প্রায় ১ যুগ পর টি-টোয়েন্টি খেলতে নেমে ৪ ম্যাচে ১০ উইকেট তারই প্রমাণ। ভাইটালিটি ব্লাস্টে নিজের সবশেষ ম্যাচেও তিন উইকেট নিলেন ৪২ বছর বয়সী পেসার।
ল্যাঙ্কাশায়ারের হয়ে আসরে এখন পর্যন্ত চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৮৬ করে। চার ম্যাচের তিনটিতে নিয়েছেন তিনটি করে উইকেট। উস্টারশায়ারের বিপক্ষে দলের ৭ উইকেটের জয়ের ম্যাচে চার ওভারে অ্যান্ডারসনের শিকার ৩২ রানে ৩ উইকেট।
অ্যান্ডারসন সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালের আগস্টে, টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে ওয়ারউইকশায়ারের বিপক্ষে। ২০২৪ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে আলো ঝলমলে টেস্ট ক্যারিয়ারের ইতি টানেন অ্যান্ডারসন। এরপর তিনি ইংল্যান্ডের বোলিং পরামর্শক হিসেবে কাজ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

