কেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের ৩ উইকেট

কেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে খালেদের ৩ উইকেট

ক্যান্টাবুরিতে কাউন্টি মৌসুমের শেষ ম্যাচে খেলতে মাঠে নেমেছে কেন্ট। এই ম্যাচের ফলাফলের ওপরই পরের মৌসুমে কেন্টের প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া নির্ভর করছে। মহাগুরুত্বপূর্ণ সেই ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে বড়সড় অবদান রেখেছেন খালেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার শুরু হওয়া দ্বিতীয় বিভাগের ম্যাচে গ্লস্টারশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছেন খালেদ। তার ৩ উইকেট ও ম্যাট মিলনেসের ৪ উইকেটে গ্লস্টারশায়ার গুটিয়ে গেছে ২২৯ রানে।

প্রথম ইনিংসে ১১ ওভার বোলিং করে ৩৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন খালেদ। আউট করেছেন দারুশ আহমেদ, সাই কিশোর ও চে সিমন্সকে। এর মধ্যে দারুশ ও কিশোরকে খালেদ ফিরিয়েছেন পরপর দুই ওভারে। গ্লস্টারশায়ারের দ্রুত গুটিয়ে যাওয়া করেছে খালেদের উইকেটগুলোতেই।

খালেদের ৩ উইকেট শুধু যে গ্লস্টারশায়ারকে তাড়াতাড়ি গুড়িয়েই দিয়েছে এমন নয়, পয়েন্ট টেবিলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রথম ইনিংসে গ্লস্টারকে ৬৯.৫ ওভারে অলআউট করেছে কেন্ট। কাউন্টির নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে ১১০ ওভারের মধ্যে অলআউট করতে পারলে বোলিংয়ে মিলবে ৩ বোনাস পয়েন্ট। প্রমোশনের লড়াইয়ে থাকা কেন্টের জন্য এই ৩ পয়েন্টই শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে।

প্রমোশনের দৌড়ে কেন্টের মূল প্রতিদ্বন্দ্বী নর্দাম্পটনশায়ার।

বর্তমানে ১৯৫ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় কেন্ট। ১৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় নর্দাম্পটনশায়ার। দুই দলের পয়েন্ট সমান হলেও প্রমোশন পাবে কেন্ট। কারণ এ মৌসুমে নর্দাম্পটনশায়ারের চেয়ে কেন্টের জয় দুটি বেশি।

শেষ ম্যাচে গ্লস্টারের চেয়ে অবস্থানও ভালো কেন্টের। প্রতিপক্ষকে ২২৯ রানে অলআউট করার পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ২৬ রানের লিড নিয়েছে।

অন্যদিকে, নর্দাম্পটনশায়ারের অবস্থা তুলনামূলকভাবে কঠিন। প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১০৩ রানে। জবাবে মিডলসেক্স তুলেছে ২৫৫ রান। ফলে প্রথম ইনিংসেই ১৫২ রানের লিড পেয়েছে মিডলসেক্স।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন