সোহান-সাদমানের সেঞ্চুরি

জয়ে ফিরল ধানমন্ডি, ছুঁটছে অগ্রণী ব্যাংক

জয়ে ফিরল ধানমন্ডি, ছুঁটছে অগ্রণী ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) ব্যাট হাতে দারুণ দিন পার করলেন নুরুল হাসান সোহান ও সাদমান ইসলাম অনিক। রোববার (১৬ মার্চ) সেঞ্চুরি এসেছে দুজনের ব্যাট থেকেই। সোহানের সেঞ্চুরিতে জয়ের ধারায় ফিরেছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। অন্যদিকে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। এছাড়া গুলশান পেয়েছে টানা দ্বিতীয় জয়ের দেখা।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানে হারিয়েছে ধানমন্ডি। টানা দুই জয়ে ডিপিএলের এবারের আসর শুরু করে তারা। এরপর টানা দুই ম্যাচে পায় পরাজয়ের তিক্ত স্বাদ। এবার স্বস্তির জয় তুলে নিলো সোহানের দল।

বিজ্ঞাপন

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ২৭৭ রানের পুঁজি পায় ধানমন্ডি। দলটির হয়ে ১৩২ রানের ইনিংস খেলেন সোহান। ৪৫ রান আসে হাবিবুর রহমানের ব্যাট থেকে। জবাবে ১৮০ রানে অলআউট হয় শাইনপুকুর। দলটির হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন রাহিম আহমেদ। ৩৫ রান আসে মিনহাজুল আবেদিনের ব্যাট থেকে।

বিকেএসপির চার নম্বর মাঠে ৩১ বল হাতে রেখে রুপগঞ্জ টাইগার্সের দেওয়া ২৬১ রানের লক্ষ্যে পৌঁছে যায় অগ্রণী ব্যাংক। দল জেতানোর পথে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেন সাদমান। ৬২ রান করেন ইমরুল কায়েস। এর আগে রুপগঞ্জের হয়ে ৮১ রানের ইনিংস খেলেন অমিত মজুমদার। আসাদুল্লাহ আল গালিবের অবদান ৫৭ রান। আরিফুল হক করেন ৪০ রান।

পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গুলশানের ৫৭ রানের জয়ের মূল কারিগর আজিজুল হাকিম তামিম। তার ফিফটিতে স্কোরবোর্ডে ২২১ রান দাঁড় করায় গুলশান। ৬২ রানের ইনিংস খেলেন তামিম। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন ইফতিখার হোসেন ইফতি। জবাবে ১৬৪ রানে অলআউট হয় পারটেক্স। ৩০ রান করেন রবিউল ইসলাম রবি। জয়রাজ শেখ এনে দেন ২৯ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন