বাংলাদেশের আশা ধূসর করে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

বাংলাদেশের আশা ধূসর করে যত রেকর্ড অস্ট্রেলিয়ার

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে হারের ফলে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। বাকি আছে কেবল আনুষ্ঠানিকতা। এদিকে অস্ট্রেলিয়া উঠে গেছে সেমিফাইনালে। বড় জয়ের পথে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দুদল।

বিজ্ঞাপন

১৯৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ১৯৮। এর আগে চারবারের দেখায় সর্বোচ্চ রান ছিল ১৩৫। বাকি তিন ম্যাচেই ১০০ করার আগেই গুটিয়ে যায় বাংলাদেশ।

২১

চলতি বিশ্বকাপে বাংলাদেশ এখন পর্যন্ত স্পিনারদের ২১ উইকেট দিয়েছে, যা এই টুর্নামেন্টের সর্বোচ্চ। এ ছাড়া স্পিনারদের বিপক্ষে তাদের গড়ও দ্বিতীয় সর্বনিম্ন (১৭.৮), নিচে আছে কেবল পাকিস্তান নারী দল।

৬৬

নারী ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে কোনো বাংলাদেশি ব্যাটারের ফিফটি ছিল না। গতকাল প্রথম সেই নজির দেখালেন সোবহানা মোস্তারি। ৮০ বলে তার অপরাজিত ৬৬ রান অজি মেয়েদের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ।

১০

২০০৫ সালের পর এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে ১০ উইকেটে জয়ের রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। সব মিলিয়ে এই ফরম্যাটে তাদের ১০ উইকেটে জয় আছে আটবার। দ্বিতীয় সর্বোচ্চ তিনবার ১০ উইকেটে জয়ের রেকর্ড ইংল্যান্ডের।

৭৩

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পূর্ণ করতে মাত্র ৭৩ বল লেগেছে অ্যালিসা হিলিরÑযা নারী ওয়ানডে বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম। তারচেয়ে কেবল দুই বল (৭১) কম খেলে ২০১৭ আসরে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দিয়েন্দ্রা ডটিন।

এ নিয়ে চলমান বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক হিলি। বিশ্বক্রিকেটে তিনিই একমাত্র ব্যাটার, যিনি দুটি বিশ্বকাপে পরপর দুই ম্যাচে সেঞ্চুরির রেকর্ড গড়লেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন