হাস্যরসের জন্মটা হয়েছিল এক বাংলাদেশি সাংবাদিকের কল্যাণে। ২০২৩ সালের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়নস হওয়ার পর সুনিল নারিন, আন্দ্রে রাসেল ও মঈন আলিকে পারফরম্যান্স নিয়ে ভুল প্রশ্ন করে বসেন তিনি। তিন ক্রিকেটারকে করা ওই সাংবাদিকের প্রশ্ন ছিল এমন- ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।
এই প্রশ্নের মানে বুঝতে পারেননি রাসেল, নারিন, মঈনরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ঠিকই ওই ভিডিও ভাইরাল হয়ে যায়। এরপর থেকে প্রসঙ্গ উঠতেই বিষয়টি নিয়ে মজা করেন বিভিন্ন দেশের ক্রিকেটাররা। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল শেষে সেই ভাইরাল কথাটি শোনা গেল হার্দিক পান্ডিয়ার মুখে।
দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালের পর উপস্থাপক যতীন সাপরু হার্দিককে প্রশ্ন করেন, ‘আপনি এখন ভারতীয় দলের একজন সিনিয়র ক্রিকেটার। আপনার অনুভূতি কি আগের মতোই আছে? জুনিয়র ক্রিকেটারদের উদযাপন দেখে কেমন লাগে?’
প্রশ্ন শেষ হতেই ওই উপস্থাপক হার্দিককে জুনিয়র ক্রিকেটারদের লাইভে যাওয়ার বিষয়টি অবহিত করেন। এরপর তারকা অলরাউন্ডার বলেন, ‘ছেলেরা এখন লাইভে আছে। লাইভে তারা বলছে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম, হোয়াট হ্যাপেনিং।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

