কাঠমান্ডু আন্দোলনে রণক্ষেত্র, ফ্লাইট বাতিল, ফুটবল দল ফিরতে পারেনি

কাঠমান্ডু আন্দোলনে রণক্ষেত্র, ফ্লাইট বাতিল, ফুটবল দল ফিরতে পারেনি

নেপাল থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দেশে ফেরার কথা ছিল। নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পা রাখার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে ফুটবল টিমের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বিজ্ঞাপন

অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (আনফা) ও বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, বাংলাদেশের ফুটবলাররা সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে। আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবে দল।

নেপালের রাজধানী কাঠমান্ডু এখন পুরো রণক্ষেত্র। নেপালের প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়েছে। নেপালের প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছেন। আগের দিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কাঠমান্ডু বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে। নেপালে অবস্থানরত বাংলাদেশীদের ঘর বা হোটেল থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাই কমিশন।

নেপালে জেন-জিদের আন্দোলনে সহিংস পরিস্থিতির কারণে নেপাল ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচ স্থগিত ঘোষণা করা হয়েছে। অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। ম্যাচ স্থগিতের জন্য তারা সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছে। ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল আজ।

সারা কাঠমান্ডু জুড়ে ছাত্র-জনতার সঙ্গে আইন শৃংখলাবাহিনীর ব্যাপক সংঘর্ষ চলমান। যে কারণে বাংলাদেশ দলের শেষ অনুশীলনপর্বও বাতিল করা হয়। সন্ধায় জরুরী সভায় বসে সরকার ও নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের শীর্ষ কর্তারা। সেখানে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেয়।

এর আগে গতকাল দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজ নিজ দলের প্রস্তুতি ও প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ও নেপাল দলের কোচ ও খেলোয়াড়রা। যদিও তার আগে থেকেই মিলছিল কাঠমান্ডুর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজপথে হাজার হাজার ছাত্র-জনতার জড়ো হওয়ার খবর। একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছিল তখন।

বাংলাদেশ দলের জন্য দশরথ রঙ্গশালায় অনুশীলনের সময় নির্ধারিত ছিল গতকাল বেলা তিনটায়। টিম মিটিং সেড়ে দুপুর সোয়া দুইটায় সকল ফুটবলার প্রস্তুতি নিয়ে নেমে এসেছিলেন হোটেল ক্রাউন ইম্পেরিয়ালের লবিতে। প্রস্তুত ছিল তাদের বহনকারী বাস। তবে বাসে ওঠার আগ মুহূর্তে নেপাল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, হোটেল থেকে বের হওয়া নিরাপদ নয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন