সাফ অনূর্ধ্ব–১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দাপুটে ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশের যুবারা। পাকিস্তানকে ২–০ গোলের ব্যবধানে হারিয়ে পা রেখেছে ফাইনালের মঞ্চে। আজ কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের জয়ে গোল দুটি করেন অধিনায়ক নাজমুল হুদা ও অপু রহমান। ফাইনালে ভারত ও নেপালের মধ্যকার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচের শুরুতেই পাকিস্তানের জালে বল জড়ায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটে প্রতিপক্ষ গোলকিপারের হাত ফসকানো বল পেয়ে জাল খুঁজে নেন অধিনায়ক নাজমুল। এক মিনিট পর ফের আক্রমণে উঠে মাঠের ডান প্রান্ত ধরে বক্সে ঢোকার মুখে লম্বা শটে ব্যবধান দ্বিগুণ করেন অপু। এক মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে রক্ষণে জোর দেয় পাকিস্তান।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ করে যায় বাংলাদেশ। ৪৯ মিনিটে রিফাত কাজীর শট ঠেকিয়ে পাকিস্তানকে রক্ষা করেন গোলকিপার রাজ্জাক। কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। ৬৪ মিনিটে নাজমুলের বাড়ানো বলে পা ছোঁয়াতে পারলেই গোল হতো। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি মাহিন মিয়া। ৫৯ মিনিটে পাকিস্তানের মুহাম্মদ আবদুল্লাহর শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আলিফ রহমান।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে বাংলাদেশ। গ্রুপ পর্বের নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা হয়েই শেষ চারে নাম লেখায় গোলাম রব্বানী ছোটনের দল। এ নিয়ে ছেলেদের সাফ অনূর্ধ্ব–১৭ পর্যায়ে পঞ্চমবারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ। এর আগে চারবার ফাইনাল খেলে জিতেছে দুটিতে (২০১৫ ও ২০১৮)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

