জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি

অবশেষে নতুন কোচ পেল বাংলাদেশ ফুটবল দল। যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত জার্মান কোচ থমাস ডুলি আজ সকালে ঢাকায় পৌঁছানোর পরই তাকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন ডুলি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। এ সময় বাফুফের কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন কোচকে স্বাগত জানান।

ডুলির আগমন নিয়ে কয়েকদিন ধরেই জোর গুঞ্জন চলছিল। তবে দেশে পৌঁছানোর আগ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বাফুফে। ঢাকায় নামার কিছুক্ষণের মধ্যেই ফেডারেশনের ফেসবুক পেজ ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কোচ হিসেবে তার নাম নিশ্চিত করা হয়।

বাংলাদেশ দলের নতুন কোচ বাছাইয়ের প্রক্রিয়াটিও ছিল দীর্ঘ। দুই বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দেওয়ার পর আড়াইশ’র বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে বিশেষ বাছাই কমিটি ২২ জনের তালিকা তৈরি করে জাতীয় দল কমিটির কাছে পাঠায়। পরে সেটি কমিয়ে ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করা হয় এবং তাদের সাক্ষাৎকার নেয় বাফুফে।

শুরুর দিকে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকে নিয়ে আগ্রহ বেশি থাকলেও এজেন্ট ফি সংক্রান্ত জটিলতায় সেই আলোচনা এগোয়নি। শেষ পর্যন্ত অভিজ্ঞ থমাস ডুলিকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

বিশ্ব ফুটবলে চার দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ডুলির। খেলোয়াড়ি জীবনে তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ১৯৯৪ বিশ্বকাপে খেলেছেন। ১৯৯৮ বিশ্বকাপে ছিলেন দলের অধিনায়কও। পরে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইয়ুর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন।

কোচ হিসেবে ডুলির সবচেয়ে বড় সাফল্যের একটি এসেছে ফিলিপাইন জাতীয় দলের সঙ্গে। তার অধীনে দলটি প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয় এবং ইতিহাসের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং অর্জন করে। সবশেষে গায়ানা জাতীয় দলের দায়িত্বে থেকেও চার ম্যাচের সবকটিতে জয় পেয়েছিলেন তিনি।

বাফুফে আশা করছে, ডুলির অভিজ্ঞতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বাংলাদেশের তরুণ ফুটবলাররা আরও উন্নতি করবে এবং জাতীয় দল আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন