ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৩ উইকেটে ২১৩ রান নিয়ে দিন শুরু করার পর মাত্র ৫৯ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৭২ রানে। গত দিন ১০ রান নিয়ে দিন শেষ করা লিটন আজ ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। সাদমান ইসলাম পেয়েছেন সেঞ্চুরি।
আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন সাদমান ইসলাম। বৃহস্পতিবার দিনের দ্বিতীয় বলে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন এই ওপেনার।
২২০ বলে সেঞ্চুরি করেছেন সাদমান। ৩১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে সাদমানের তৃতীয় সেঞ্চুরি এটি। আগের সেঞ্চুরিটি এসেছিল ১৭ ইনিংস আগে, ২০২৫ সালের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে সেই সেঞ্চুরিটি করেছিলেন তিনি।
সেঞ্চুরির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি সাদমান। তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন অভিষিক্ত বিশপ। ১১ চারে ১০৫ রান করে ফিরেছেন সাদমান।
সাদমানের আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন গতকাল রিটায়ার্ড হার্ট হওয়া তাওহীদ হৃদয়। তবে গত দিনের ৪২ রানের সঙ্গে এক রানও যোগ করতে পারেনিনি হৃদয়। অভিষিক্ত বিশপের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি।
ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস ৩২ রানের জুটি গড়েন। মিরাজকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন জোমেল ওয়ারিক্যান। ওয়ারিক্যানের আর্ম বলে বোল্ড হয়েছেন মিরাজ।
মিরাজের বিদায়ের পর ১৯ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ। তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং হাসান মাহমুদরা কেউ ক্রিজে স্থায়ী হতে পারেননি। এক প্রান্তে অপরাজিত থেকে গেছেন লিটন।
বাংলাদেশের ব্যাটিং ধস ঘটিয়েছেন ওয়ারিক্যান। গতকাল ২ উইকেট পাওয়া এই স্পিনার আজ শেষ ৩ উইকেট নিয়েছেন। ওয়ারিক্যানের ২৫ ম্যাচের ক্যারিয়ারে এটি তৃতীয় ৫ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-004c76-720x405.webp)