আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তৃণমূলের সব কমিটি বাতিল

নতুন অ্যাডহক কমিটির রূপরেখা দিল এনএসসি

স্পোর্টস রিপোর্টার

নতুন অ্যাডহক কমিটির রূপরেখা দিল এনএসসি

তৃণমূল ক্রীড়াঙ্গনে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। দেশের উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের সব বিদ্যমান ক্রীড়া সংস্থার কমিটি ও অ্যাডহক কমিটি একযোগে বাতিল করেছে দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থাটি। পাশাপাশি তৃণমূল পর্যায়ের খেলাধুলা পুনরায় সচল, সুসংগঠিত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে প্রতিটি স্তরে সাত সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠনের রূপরেখাও দিয়েছে ক্রীড়া পরিষদ। গত মঙ্গলবার এনএসসির নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, কমিটি গঠনের ক্ষেত্রে অতীতে জারি করা সব ধরনের নির্দেশনা বাতিল বলে গণ্য হবে। এনএসসির নতুন রূপরেখা অনুযায়ী উপজেলা পর্যায়ে সাত সদস্যের কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। সদস্য হিসেবে থাকবেনÑথানার অফিসার ইনচার্জ, মহিলাবিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা এবং একজন স্থানীয় ক্রীড়াবিদ। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় কোনো ক্রীড়া সংগঠক কিংবা একজন ক্রীড়াবিদ। জেলা পর্যায়ে কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক (ডিসি)।

বিজ্ঞাপন

কমিটিতে পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক, জেলা ক্রীড়া অফিসার এবং একজন স্থানীয় ক্রীড়াবিদ সদস্য হিসেবে থাকবেন। বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে কমিটি গঠন করা হবে। নতুন নির্দেশনায় কমিটি গঠনের জন্য কঠোর সময়সীমাও নির্ধারণ করে দিয়েছে ক্রীড়া পরিষদ। উপজেলা ক্রীড়া সংস্থাকে সাত দিনের মধ্যে তাদের অ্যাডহক কমিটির প্রস্তাব জেলা প্রশাসকের কাছে জমা দিতে হবে। এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রস্তাব ১০ দিনের মধ্যে বিশেষ বাহকের মাধ্যমে সরাসরি এনএসসিতে পাঠাতে হবে।

এসব অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হবে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত কমিটির তালিকা পরিষদে পাঠানো। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের ক্রীড়া সংগঠনগুলোকে সক্রিয় ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আশা করছে এনএসসি। এদিকে ক্রীড়া সংগঠকরা মনে করছেন, জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর ক্ষেত্রেও নির্বাচন পরিচালনার জন্য নতুন অ্যাডহক কমিটি গঠন করা প্রয়োজন। এ প্রসঙ্গে এনএসসির নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান বলেছেন, ‘উপজেলা, জেলা ও বিভাগে নতুন অ্যাডহক কমিটি গঠন করে আমরা নির্বাচনের একটি প্রক্রিয়া শুরু করেছি। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনও একই নিয়মে হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: