হকির নতুন মুখ ওবায়দুল-আবেদ

হকির নতুন মুখ ওবায়দুল-আবেদ

এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওবায়দুল হোসেন ও আবেদ উদ্দিন। তবে দলে নেই তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি (৩৭)। হকি ফেডারেশনের নতুন নিয়ম অনুযায়ী বয়স ৩২ বছরের বেশি হওয়ায় বাদ পড়েছেন তিনি। তার সঙ্গে ছিটকে গেছেন সাবেক অধিনায়ক সারওয়ার হোসেন ও মিলন হোসেন।


মাওলানা ভাসানী স্টেডিয়ামে ৪৫ খেলোয়াড় নিয়ে শুরু হয়েছিল জাতীয় হকি দলের ক্যাম্প। সেখান থেকে ৩৩ জনের প্রাথমিক স্কোয়াড বেছে নেয় হকি ফেডারেশন। পরে দলের সদস্য সংখ্যা কমিয়ে ২৪ জনে আনা হয়। আজ রোববার ১৮ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ আ ন ম মামুন উর রশিদ। সঙ্গে ছয়জনকে রেখেছেন স্ট্যান্ডবাই।

বিজ্ঞাপন


জাকার্তায় অনুষ্ঠিতব্য এএইচএফ কাপ একই সঙ্গে এশিয়া কাপের বাছাইপর্বও। এই টুর্নামেন্টের শেষ চার আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও দেশের ছেলেদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। ১৪ এপ্রিল রাতে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। টুর্নামেন্টের সপ্তম আসরের পুল ‘বি’ তে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও কাজাখস্তানের বিপক্ষে। আসরের পর্দা উঠবে ১৭ এপ্রিল। তবে বাংলাদেশ ১৮ এপ্রিল প্রথম ম্যাচ খেলবে কাজাখস্তানের বিপক্ষে। ফাইনাল দিয়ে আসর শেষ হবে ২৭ এপ্রিল।

বাংলাদেশ দল : হুজাইফা হোসেন, রেজাউল করিম, সোহানুর রহমান, ফরহাদ আহমেদ, আশরাফুল ইসলাম, আমিরুল ইসলাম, আবেদ উদ্দিন, নাইম উদ্দিন, আল নাহিয়ান, রোমান সরকার, ফজলে হোসেন, পুস্কর ক্ষিসা (অধিনায়ক), আরশাদ হোসেন, ওবায়দুল হোসেন, রাকিবুল হাসান, মাহবুব হোসেন, বিপ্লব কুজুর ও আবু সাঈদ।

স্ট্যান্ডবাই : মেহরাব হোসেন, প্রিতম রায়, মেহেদী হাসান, নুরুজ্জামান নয়ন, তৈয়ব আলী ও মাইনুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন