প্রেসিডেন্ট বক্সে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের দিকে আঙুল তাক করে কথা বলছেন বিসিবি সহ-সভাপতি ফারুক আহমেদ। পাশে আছেন আরেক পরিচালক খালেদ মাসুদ পাইলট। ছবিতে তাদেরকে দেখে মনে হচ্ছিল খানিকটা বাগবিতণ্ডা হয়েছে সেখানে। সেই ছবি প্রকাশ করায় বিসিবি থেকে সতর্ক করা হয়েছে ফটো সাংবাদিক তানভীন তামিমকে। বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কাজী শামীম ফরহাদ এক চিঠিতে তাকে সতর্ক করেন। কেন এবং কোন বিবেচনায় সতর্ক করা হলো তাকে? আমার দেশ এর এমন এক প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী শামীম ফরহাদ বলেন, ‘এটা বিসিবির সিদ্ধান্ত।’
দেশের ইংরেজি দৈনিক ডেইলি সানে ছবিটি প্রকাশিত হয়। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি তুলেন ফটো সাংবাদিক তানভীন তামিম। তাকে ক্রেডিট দিয়ে আমার দেশের খেলার পাতায়ও ছবিটি রোববার ছাপা হয়েছে। স্টেডিয়ামে এই ছবি তোলার জন্য ফটো সাংবাদিক তানভীন তামিমকে সতর্ক করা হয়। তামিমকে মেইলে সর্তকতামুলক চিঠি দেন বিসিবির নিরাপত্তা প্রধান কাজী শামীম ফরহাদ। কোনো ছবির জন্য এমন সতর্কতা জারি করার ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন ঘটনা। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদের দাবি ওই ছবিতে তার আঙুল এআই দিয়ে তৈরি করা হয়েছে। তার এই বক্তব্য আরো বেশি উসকে দিয়েছে ওই ছবি বিতর্কটি।
ফটো সাংবাদিককে সতর্ক করে বিসিবি থেকে জানানো হয়, শুধু যে ইভেন্টের জন্য অ্যাক্রিডিটিশন কার্ড দেওয়া হয়েছে, ঠিক সেই ইভেন্টের ছবি তোলা যাবে। এর বাইরে কোনো ছবি তোলা যাবে না। পাশাপাশি ছবিতে ভুল তথ্য দেওয়া হয়েছে বলেও দাবি করা হয় ওই চিঠিতে।
এ নিয়ে বিসিবির নিরাপত্তা বিভাগের প্রধান কাজী শামীম ফরহাদ দৈনিক আমার দেশকে বলেন, ‘চিঠিটা বিসিবির পক্ষ থেকে দেওয়া হয়েছে। এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। তবে চিঠিটা বিসিবির সিদ্ধান্তেই দেওয়া হয়েছে।’
ফটো সাংবাদিককে সতর্ক করা হলেও বিসিবি থেকে কোনো ধরনের প্রতিবাদ জানানো হয়নি এই ছবির ব্যাপারে। কেন কোনো প্রতিবাদ করা হয়নি, তার কোনো ব্যাখ্যা দিতে নারাজ ছিলেন বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

