আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফারুকের দাবি ঐ আঙ্গুল ‘এআই’র তৈরি!

স্পোর্টস রিপোর্টার

ফারুকের দাবি ঐ আঙ্গুল ‘এআই’র তৈরি!

ছবিতে দেখা যাচ্ছে বিসিবির অর্থ বিভাগের পরিচালক এম নাজমুল ইসলামের দিকে আঙুল তুলে কিছু একটা বলছেন বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ। ছবিটি দেখে মনে হচ্ছিল বেশ আগ্রাসী ভূমিকায় ছিলেন তিনি। ফারুক আহমেদের রাগী তেজি মুখায়ব, গরম চোখ ও নাজমুলের নতমুখে নিরবে দাড়িয়ে থেকে বকা শোনার বেচারা টাইপ মুখভঙ্গি- উভয়ের শারীরিক ভাষা স্পষ্ঠ জানাচ্ছে যে এই আলোচনায় হৃদ্যতা কম, উত্তাপ বেশি। আলোচিত ছবির বিশ্লেষণ বলছে,এই আলোচনায় ‘ভালোবাসা’ অনুপস্থিত, যা আছে তাকে বলে, মেজাজ হারানো মূহুর্ত!

পত্রিকায় প্রকাশিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবির এক কোনায় আছেন বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলটও। গত পরশু এক ভিডিও বার্তায় ওই ছবির সময়কার ঘটনার প্রেক্ষিত নিয়ে খালেদ মাসুদ পাইলট ভিন্ন এক ব্যাখ্যা দেন। পাইলটের সেই ব্যাখ্যার সঙ্গে ছবির কেন্দ্রীয় চরিত্রে থাকা ফারুক আহমেদও প্রায় একই রকম ব্যাখ্যা দিয়েছেন। বাড়তি তথ্য হিসেবে ফারুক আহমেদ সেই ছবিকে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে তৈরি বলে দাবি করেছেন।

বিজ্ঞাপন

রোববার রাজধানীর পূর্বাচলে সিসিডিএম চ্যালেঞ্জ টি-টোয়েন্টি কাপের ফাইনাল অনুষ্ঠানে এই ছবি নিয়ে সাংবাদিকদের কাছে নিজের ব্যাখ্যা তুলে ধরেন ফারুক আহমেদ। তার দাবি, ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে। তিনি বলেন, ‘যদি ভালো করে খেয়াল করেন, তবে দেখবেন ওই আঙ্গুলটা আমার নয়। ওই আঙ্গুলটা কোথা থেকে আসছে আমি জানি না। খুব সম্ভবত এটি বানানো একটি ছবি। আমার মনে হয় কিছু এআই করা হয়েছে ছবিটিতে।’

ছবিটি নিয়ে সন্দেহ প্রকাশ করে ফারুক আহমেদ বলেন, ‘ছবিটি নিয়ে আমার সন্দেহ আছে। আর ছবি যদি কোনো কারণে কোনো পর্যায়ে হয়ে থাকেও, আমরা কথা বলার সময় তো হাত আর বন্ধ রাখতে পারি না। হাত চলতে থাকে। ওটা যদি হয়েও থাকে, আমার মনে হয় এটা খুব সম্ভবত বানানো একটা ছবি।’

তবে এক পর্যায়ে ফারুক আহমেদ জানান সেখানে কী ধরনের কথাবার্তা হচ্ছিল। তিনি জানান, সেখানে কোনো তর্কবিতর্ক নয়, বরং ক্রিকেটের ডেভেলপমেন্ট ও কীভাবে আগানো যায়, সেসব নিয়ে কথা হচ্ছিল।

ছবি যদি এআই দিয়েই তৈরি করা হয়, তাহলে কেন ফটো সাংবাদিক তানভীন তামিমকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে? সেই ব্যাখ্যায় কোনো সদুত্তর দেননি বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ। তিনি বলেন, ‘বোর্ড থেকে যে সতর্কটা করা হয়েছে, এটাও আসলে আমি খুব বেশি জানি না। আমার মনে হয় ডিসিপ্লিনারি ইস্যু থেকে সতর্ক করা হয়েছে। আমি সবাইকে অনুরোধ করছি, এ ধরনের কোনো কনফিউশন সৃষ্টি করার দরকার নেই।’

ছবির সর্বডানে চোখ মাটিতে রেখে নিরীহ ভঙ্গিতে দাড়িয়ে থাকা ব্যক্তিটি হলেন বিসিবির আরেক পরিচালক নাজমুল ইসলাম। যিনি সম্প্রতি চরম বির্তকিত এবং লাগামহীন কথাবার্তা বলে ক্রমশ হাস্যকর হয়ে উঠেছেন। তার বেফাঁস এবং হিসেবহীন মন্তব্যর জেরে বিপিএলে একটি দিনের খেলা বয়কটের মতো দুর্ঘটনাও ঘটেছে। আম্পায়ারদের বেতন, ক্রিকেটারদের জুতো এবং ব্যাটের দাম নিয়ে তার নির্বোধের মতো মন্তব্য নতুন সমালোচনার জন্ম দিয়েছে। তারই প্রেক্ষিতে তার সঙ্গে বিসিবির কয়েকজন পরিচালক বাদানুবাদে জড়িয়ে পড়েন।

ফারুক আহমেদের আঙ্গুল তোলা ছবি সেই পরিপ্রেক্ষিতেরই অংশ বলে দাবি উঠেছে। কিন্তু ফারুক বলছেন, ও কিছু নয়, সব এআই’এর কারসাজি!

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...