ডিপিএল

অবশেষে মজিদের ব্যাটে অপেক্ষা ফুরাল রুপগঞ্জের

অবশেষে মজিদের ব্যাটে অপেক্ষা ফুরাল রুপগঞ্জের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) প্রথম পাঁচ রাউন্ডে হারের বৃত্তে আটকা ছিল রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। অবশেষে ষষ্ঠ রাউন্ডে এসে অপেক্ষা ফুরাল তাদের। আব্দুল মজিদের সেঞ্চুরিতে ভর করে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে তারা। অন্যদিকে নিজ নিজ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪৬ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। অন্যদিকে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে গুলশানের জয় ২ উইকেটে।

বিকেএসপির তিন নম্বর মাঠে রুপগঞ্জের সামনে লক্ষ্যটা মোটেও চ্যালেঞ্জিং ছিল না। জয়রাজ শেখের ৫৪ ও রুবলে মিয়ার ৫২ রানের ইনিংসের ‍সুবাদে ২২৩ রান জড়ো করে পারটেক্স। জবাবে আব্দুল মজিদের অপরাজিত ১০০ রানের ইনিংসে শেষ বলে জয় তুলে নেয় রুপগঞ্জ। দলের জয়ের দিনে আসাদুল্লাহ আল গালিবের অবদান ৫০ রান।

বিজ্ঞাপন

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশানের বিপক্ষে তিন ফিফটিতে স্কোরবোর্ডে ২৯০ রান তোলে ব্রাদার্স। ৮৩ রান করেন বিশাল চৌধুরী। এছাড়া আইচ মোল্লা ৬৫ ও মিজানুর রহমান খেলেন ৫০ রানের ইনিংস। রান তাড়ায় ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে গুলশান। তাদের হয়ে মোহাম্মদ ইলিয়াস ৫৩, নাইম ইসলাম ৫০ ও ফরহাদ রেজা খেলেন ৪৭ রানের ইনিংস। এছাড়া ৩৩ রান এনে দেন লিটন কুমার দাস। ব্রাদার্সের হয়ে সোহাগ গাজী বল হাতে ৪ উইকেট নিলেও সেটা গুলশানের জয়ের পথে বাধা হতে পারেনি।

বাকি দুই ম্যাচের তুলনায় সহজ জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক। ইমরুল কায়েসের ৮৬ ও সাদমান ইসলামের ৫৩ রানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান জড়ো করে তারা। জবাবে সবকটি ওভার শেষে ২৪৮ রানে থামে শাইনপুকুর। দল হারলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছে রায়ান রাফসান রহমান। ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন শাইনপুকুর অধিনায়ক। মিনহাজুল আবেদিন সাব্বিরের ব্যাট থেকে আসে অপরাজিত ৫১ রান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন