বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাঈম

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন নাঈম

ঐচ্ছিক অনুশীলনের দিনে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকা শুধুমাত্র নাঈম শেখ এসেছিলেন অনুশীলনে। মিরপুরে একাডেমি মাঠে একা একা অনুশীলনে করেন। দুপুরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানেই জানান, মিরপুরে খেলা বলে বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি। উইকেটের ধরন, কন্ডিশনের পাশাপাশি দলের বর্তমান আবহের কারণে বাংলাদেশকে এগিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

দুই বছরের বেশি সময় পর জাতীয় দলে ডাক পাওয়া নাঈম শেখ শ্রীলঙ্কায় খেলেছেন প্রথম টি-টোয়েন্টি। চারে ব্যাটিং করা ২৯ বলে ৩২ রান করেন তিনি। পরের দুই টি-টোয়েন্টিতে তার সুযোগ হয়নি দলের কম্বিনেশনের কারণে। ওপেনার পারভজে হোসেন ইমনের অফফর্মের কারণে হয়তো ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে একাদশে তার সুযোগ মিলবে।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের আগে পরিসংখ্যান খুব একটা বাংলাদেশের পক্ষে কথা বলছে না। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ২২ ম্যাচে মাত্র তিন জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল। এরপর এশিয়ান গেমসে জয় পেয়েছিল বাংলাদেশ, সেখানে অবশ্য মুখোমুখি হয়েছিল দুই দেশের ‘এ’ দল। ফলে লম্বা সময় পর পাকিস্তানের বিপক্ষে জয়খরা কাটানোর অপেক্ষায় আছে লিটন দাসের দল। সেই আশায় আছে বাংলাদেশ দলও।

গতকাল অনুশীলনের পর দলকে নিয়ে থাকা প্রত্যাশা নিয়ে নাঈম শেখ বলেন, ‘যেহেতু একটা উইনিং মোমেন্টাম নিয়ে এসেছি, এটা ধরে রাখার চেষ্টা করব। আর আমাদের ঘরের মাঠে খেলা। মিরপুরে সাধারণত কী হয় আমরা সবাই জানি। এখনও উইকেট দেখিনি। দলের অবস্থা ভালো আছে।’

শ্রীলঙ্কায় চার নম্বরে ব্যাটিং নিয়ে নাঈম বলেন, ‘সত্যি বলতে, জাকের চোটে পড়ায় কিন্তু আমার চার নম্বরে খেলতে হয়েছে। আমার আসলে পাঁচে খেলার কথা ছিল। স্যারের সঙ্গে আলোচনা করে চার নম্বরে খেলেছি। জাকের চোট পাওয়ায় আসলে আমি খেলেছি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন