নাগোয়ায় ফুটবল, ওসাকায় ক্রিকেট

এশিয়ান গেমসে নারী দলের মিশন আজ

এশিয়ান গেমসে নারী দলের মিশন আজ

এশিয়ান গেমসে আজ শুরু হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের মিশন। একই সঙ্গে ফুটবল ইভেন্টে মাঠে নামতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ার অলিম্পিক খ্যাত এই আসরে বাংলাদেশের পদক প্রত্যাশী অন্যতম ইভেন্ট ক্রিকেট। সেই প্রত্যাশা নিয়েই চীনের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ফুটবলে নারী দল মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়াকে। জ্যোতিরা চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর ৬টায়। ফুটবল দল দক্ষিণ কোরিয়াকে মোকাবেলা করবে বেলা ১টায়।

বিজ্ঞাপন

ক্রিকেটে চীনের বিপক্ষে বাংলাদেশে স্পষ্টতই ফেবারিট। কিন্তু ম্যাচের হিসেবনিকেশ মাঠের লড়াই ছাড়িয়ে নির্ধারিত হতে পারে আবহাওয়ার ইশারায়। ম্যাচের আগেই আবহাওয়া ভাবিয়ে তুলেছে আয়োজকদের। সেপ্টেম্বর নাগোয়ায় বছরের সবচেয়ে বৃষ্টিবহুল সময়। বর্তমানে শহরটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে বাংলাদেশ নারী দলও ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি পুরোপুরি সেরে নিতে পারেনি।

তবে ম্যাচ আয়োজনের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হবে। নির্ধারিত ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে আম্পায়াররা সুপার ওভারের মাধ্যমে ফল নির্ধারণের চেষ্টা করবেন। কিন্তু বৃষ্টির কারণে সেটিও সম্ভব না হলে ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দুই দলের র‍্যাঙ্কিং। নিয়ম অনুযায়ী, ম্যাচ আয়োজন একেবারেই সম্ভব না হলে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে জয়ী ঘোষণা করা হবে। সেখানেই বড় সুবিধায় রয়েছে বাংলাদেশ। আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। অন্যদিকে চীনের অবস্থান ৩৭ নম্বরে।

আসরে বাংলাদেশ নারী ফুটবল দলের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। উত্তর কোরিয়ার কাছে ১০ গোলের রেকর্ড ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেই ধাক্কা সামলে এবার সামনে আরও এক শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ১০ গোলের দুঃস্মৃতি পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর কঠিন পরীক্ষায় নামছে ঋতুপর্ণা চাকমারা। এবার শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের।

প্রথম ম্যাচের হারকে ‘রূঢ় বাস্তবতা’ হিসেবে স্বীকার করেছেন দলের সহকারী কোচ আবুল হোসেন। তবে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী তিনি। আবুল হোসেন বলেন, ‘এটা সত্যি যে আমরা ভালো শুরু করতে পারিনি। তবে আমাদের সামনে এখনও দুটি ম্যাচ রয়েছে। আমাদের ভালো করার জায়গা আছে। আশা করি, মেয়েরা পরের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে। আমরা দক্ষিণ কোরিয়ার ম্যাচ দেখেছি এবং বিশ্লেষণ করেছি। আমরা মাঠে ভালো একটি ম্যাচ খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...