ফাহামিদুল প্রস্তুত- বলছেন কোচ

ফাহামিদুল প্রস্তুত- বলছেন কোচ

সিঙ্গাপুর ও ভুটান ম্যাচ সামনে রেখে গতকাল থেকে বাংলাদেশ দলের মাঠের অনুশীলন শুরু হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাতীয় স্টেডিয়ামে ফুটবল দলের অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে অনুশীলনের ভেন্যু পরিবর্তন করে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেওয়া হয়। সেখানে গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে ঝালিয়ে নেন জাতীয় দলের ফুটবলাররা।

বিজ্ঞাপন

এই প্রথম ঢাকার মাঠে দলের সঙ্গে অনুশীলন করলেন ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত দলে জায়গা হয়নি তার। এতে ফুটবল সমর্থকরা আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেন। তখন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের কাবরেরা বলেছিলেন, জাতীয় দলে খেলার জন্য পরিণত হননি ফাহামিদুল। এজন্য তার আরো সময় প্রয়োজন। কিন্তু এবার কাবরেরার দৃষ্টি ফাহামিদুল খেলার জন্য প্রস্তুত।

প্রথম দিনের অনুশীলনের ফাঁকে দলের সহকারী কোচ হাসান আল মামুন বলেন, ‘ফাহামিদুল অবশ্য একজন প্রতিভাবান খেলোয়াড়। ওই সময়ে সৌদি আরবে কম সময় পেয়েছে সে। এখনকার ফাহামিদুল আমার কাছে এবং হ্যাভিয়েরের কাছে সে অনেকটা প্রস্তুত। সে প্রস্তুত হয়ে এসেছে যে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে।’

দলে সতীর্থদের সঙ্গে সহজেই মিশতে পেরেছেন ফাহামিদুল। ডিফেন্ডার ঈসা ফয়সাল বলেন, ‘সে অনেক ফ্রেন্ডলি। আমাদের মতোই। সে প্রবাসী ফুটবলার, আমি সেটা বলব না। সে বাংলাদেশি একজন খেলোয়াড়। এটাই বড় পরিচয়।’

বাংলাদেশ ফুটবল দলকে ঘিরে দর্শক প্রত্যাশা বেড়েছে। এ প্রত্যাশা পূরণ করতে চান ফুটবলাররা। এ নিয়ে টিম মিটিংয়ে আলোচনা হয়েছে। ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘বাংলাদেশের যারা সমর্থক আছেন, আমাদের যেভাবে সমর্থন দিচ্ছেন, তাদের প্রত্যাশা অনেক উঁচুতে। আমাদের একটি মিটিং হয়েছে। এ বিষয়গুলো নিয়ে কথা হয়েছে যে, আগের মানুষের প্রত্যাশা আর এখনকার সমর্থকদের প্রত্যাশা আসলে এক জায়গা নেই। মানুষ আরো বেশি প্রত্যাশা করছে। সবাই সবার জায়গা থেকে দৃঢ়প্রতিজ্ঞ যে, আরো ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজেদের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায়, সেই চেষ্টা করছে।’

হামজা এরই মধ্যে বাংলাদেশের হয়ে খেলেছেন। এবার শমিত সোম যোগ দেবেন। রহমত মিয়া জানান, এটি টিমের জন্য ভালো একটি খবর। এতে লোকাল খেলোয়াড়দের মধ্যে একটা অনুপ্রেরণা কাজ করছে। রহমত মিয়া বলেন, ‘হামজার সঙ্গে শমিত সোমসহ যারা আসছেন, এটা আমাদের টিমের জন্য ভালো। আশা করছি, আমরা সবাই মিলে একটা ভালো ফল করব।’

দর্শক প্রত্যাশা কি বাড়তি চাপ তৈরি করছে? রহমত মিয়া বলেন, ‘এটা দুই দিক থেকেই কাজ করে। সমর্থকদের প্রত্যাশা থাকবে। যদি আমরা তাদের প্রত্যাশা পূরণ না করতে পারি, তারা আশাহত হবেন। যদি করতে পারি, তাহলে তারা আমাদের সাপোর্ট করবেন আরো বেশি। দুটি দিকই আছে। আমরা আশার আলো দেখি। আমরা চেষ্টা করে যাই। ভালো হবে ইনশাআল্লাহ।’

টিম মিটিংয়ে খেলোয়াড়দের কী বার্তা দিলেন কোচ কাবরেরা? সহকারী কোচ মামুন বলেন, ‘হ্যাভিয়ের যেটা করে প্রথম দিন টিমকে তার এই অ্যাসাইনমেন্টে কী করতে হবে, টিমে কার কী দায়িত্ব এবং আগে কী করেছি, কোনটা করা যেতে পারত- একটা উৎসাহমূলক বক্তব্য দেন। যেটা টিমকে উজ্জীবিত করে। সামনে যে অ্যাসাইনমেন্ট আছে সিঙ্গাপুরের সঙ্গে, সেই ম্যাচে ভালো করার জন্য। তাই আসলে ভিডিও সেশন আগের সিরিজে কী করেছি, কী করতে পারতাম, সামনে আমাদের কী চার্ট আছে, চার্টটা দেখানো হয়েছে যে, আমরা টপে আছি। আমাদের সামনের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই। এরপর আরেকটি ম্যাচ আছে, সেটিও হোমে। তো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি, সব মিলিয়ে যে একটা পরিবেশ আমাদের দরকার, যে পরিবেশ তৈরি হয়েছে ফুটবলকে ঘিরে, মূলত সেটার ব্যাখ্যা খেলোয়াড়দের হ্যাভিয়ের দিয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন