চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাত দেখাল বায়ার্ন-ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগে গোলবন্যার রাত দেখাল বায়ার্ন-ইউনাইটেড

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচেই গোলের বন্যা বইয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে বোডো/গ্লিম্টকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। অন্যদিকে দুই মৌসুম পর ইউরোপের শ্রেষ্ঠত্বের আসরে ফিরে নবাগত সাবাহ এফকেকে ৪-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে ইউনাইটেড।

বিজ্ঞাপন

অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথমার্ধটা বায়ার্নের জন্য ছিল হতাশার। একের পর এক আক্রমণ করেও ফিনিশিংয়ের ঘাটতিতে গোলের দেখা পায়নি ভিনসেন্ট কোম্পানির দল। বিরতির পর অবশ্য বদলে যায় পুরো চিত্র। দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মধ্যেই এগিয়ে যায় স্বাগতিকরা। হ্যারি কেইনের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে মুসিয়ালার সামনে এলে প্রথম স্পর্শেই বল জালে পাঠান জার্মান তারকা।

৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কেইন। মাইকেল ওলিসের ফ্রি-কিক থেকে দারুণ হেডে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। ৭৭ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে বায়ার্নের তৃতীয় গোলটি করেন আলফনসো ডেভিস। এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে ওলিসে কাছের পোস্ট দিয়ে গতিময় শটে চতুর্থ গোল করেন। ৮৭ মিনিটে বোডোর ওডিন বিয়োরটাফট লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বায়ার্নের ৫-০ জয় নিশ্চিত করেন ওলিসে।

ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেডও ছিল দুর্দান্ত। মাইকেল ক্যারিকের দল ৫৮ শতাংশ বল দখলে রেখে লক্ষ্যে ১০টি শট নেয়। ২৭ মিনিটে প্যাট্রিক ডরগুর ক্রস থেকে পা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন ম্যাথিউস কুনহা। বিরতির আগে ব্রুনো ফার্নান্দেজ ও বেঞ্জামিন সেসকোর গোলে ব্যবধান ৩-০ করে ইউনাইটেড। ৬৮ মিনিটে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে লিসান্দ্রো মার্টিনেজ চতুর্থ গোলটি করেন। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয়েই চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখে রেড ডেভিলরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন