লম্বা বিরতির পর মিরপুরে ফিরছে ওয়ানডে

লম্বা বিরতির পর মিরপুরে ফিরছে ওয়ানডে

সবশেষ অর্থাৎ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে মিরপুরে হয়েছিল ওয়ানডে ক্রিকেট। সেবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। এর পরই শুরু লম্বা বিরতির। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে ২৪ মাস ২২ দিন পর মিরপুরে ফিরবে ওয়ানডে ক্রিকেট। আজ মিরপুরে ওয়ানডে ক্রিকেট প্রত্যাবর্তনের দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

২০০৬ সালে অভিষেকের পর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিয়মিত ওয়ানডে ম্যাচ হয়েছে। এই ধারাবাহিকতায় প্রথম ছেদ পড়ে ২০১৬ সালে। ওই বছরের ৯ অক্টোবর থেকে ২০১৮ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত হয়নি কোনো ওয়ানডে ম্যাচ। সে সময় এই ভেন্যুতে দুই ওয়ানডে ম্যাচের মধ্যে সময়ের ব্যবধান ছিল ১৫ মাস ৬ দিন। দ্বিতীয় দফায় এই মাঠে ওয়ানডে ম্যাচ আয়োজনে ছেদ পড়ে ২০১৮ সালে।

এই দফায় বিসিবি মিরপুরে কোনো ওয়ানডে ম্যাচ না দেওয়া, করোনা মহামারিসহ বিভিন্ন কারণে ২০১৮ সালের ১১ ডিসেম্বর থেকে ২০২১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত হয়নি কোনো ওয়ানডে ম্যাচ। ২০২১ সালের ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে এই অপেক্ষার অবসান ঘটে। এই দফায় মিরপুরে ৩৪ মাস ৯ দিন হয়নি কোনো ওয়ানডে ম্যাচ। এখন পর্যন্ত এটাই মিরপুরে দুই ওয়ানডে ম্যাচের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যের রেকর্ড।

এই দীর্ঘবিরতির পর আরো একবার বিরতি পড়েছে মিরপুরে ওয়ানডে ম্যাচ আয়োজনের ধারাবাহিকতায়। ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত অর্থাৎ ২৪ মাস ২২ দিন হয়নি কোনো টি-টোয়েন্টি সিরিজ। বিশ্বকাপের আগমুহূর্তে হওয়া এই ওয়ানডে সিরিজের পর ঘরের মাঠে বাংলাদেশ দল ৫০ ওভারের ম্যাচ খেলেছে মাত্র তিনটি। ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে আতিথ্য দেয় লাল-সবুজের দলটি। সেবার ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আয়োজিত হয়েছিল চট্টগ্রামের তৎকালীন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

মিরপুরে দুই ওয়ানডের মধ্যে লম্বা বিরতি

৯ অক্টোবর ২০১৬-১৫ জানুয়ারি ২০১৮ : ১৫ মাস ৬ দিন

১১ ডিসেম্বর ২০১৮-২৯ জানুয়ারি ২০২১ : ৩৪ মাস ৯ দিন

২৬ সেপ্টেম্বর ২০২৩-১৮ অক্টোবর ২০২৫: ২৪ মাস ২২ দিন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন