সতীর্থদের প্রশংসায় ভাসাচ্ছেন অধিনায়ক শান্ত

সতীর্থদের প্রশংসায় ভাসাচ্ছেন অধিনায়ক শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ব্যাট-বলে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। ভাগ্য খানিকটা পক্ষে থাকলে জয়ও পেতে পারত। কিন্তু শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। এই ম্যাচের পর সতীর্থদের প্রশংসায় ভাসান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংস ঘোষণার সিদ্ধান্ত যে দেরি হয়েছে সেটাও স্বীকার করে নিয়েছেন তিনি।

বৃষ্টির কারণে গতকাল রোববার গল টেস্টের পঞ্চম দিনে প্রায় এক সেশন খেলা হয়নি। বৃষ্টি বাধার পর ফের ব্যাটিংয়ে নামা বাংলাদেশ রান তুলেছে ধীরগতিতে। সেটা নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। এই নিয়ে শান্ত বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল দ্রুতই ইনিংস ঘোষণা করব। তবে বৃষ্টির কারণে সেটা হয়নি। প্রকৃতির ওপর তো আর আমাদের হাত নেই।’

বিজ্ঞাপন

তবে ইনিংস ঘোষণার পর ২৯৬ রানের লক্ষ্য নিয়ে মাঠে নামা শ্রীলঙ্কা শুরুতে ছিল আগ্রাসী। সে সময় দারুণ বোলিংয়ে লঙ্কানদের রানের লাগাম টানেন নাঈম হাসান ও তাইজুল ইসলাম। তাদের বোলিং নিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘ইনিংস ঘোষণার পর যেভাবে তাইজুল ও নাঈম বল করেছে এটা দারুণ ছিল।’

অন্যদিকে পুরো ম্যাচে মুশফিকুর রহিম ও অধিনায়ক শান্ত লঙ্কান বোলারদের করেছেন শাসন। দুই ইনিংসেই তারা গড়েন বড় জুটি। এই নিয়ে শান্ত বলেন, ‘মুশফিক ভাই দারুণ সমর্থন দিয়েছে।’ আগের সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের পর লঙ্কানদের বিপক্ষে সিরিজে লাল-সবুজের প্রতিনিধিরা ঘুরে দাঁড়াবে সেটা ছিল কল্পনাতীত।

এ নিয়ে শান্তর ভাষ্য ছিল, ‘ওই সিরিজে (জিম্বাবুয়ে সিরিজ) আমরা আত্মবিশ্বাসী ছিলাম না। তবে এই (শ্রীলঙ্কা সিরিজ) সিরিজের আগে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের জন্য ভালো ফলের পথ গড়ে দিয়েছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন