প্রতিপক্ষ আজ হংকং

জয়ে রাঙিয়ে শুরুর অপেক্ষায় বাংলাদেশ

জয়ে রাঙিয়ে শুরুর অপেক্ষায় বাংলাদেশ

এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ। হংকংয়ের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির জায়েদ ক্রিকেটে স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের প্রেরণা অতীতের একমাত্র জয়। আর বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের লক্ষ্য আজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।

লিটন দাসের নেতৃত্বে সব শেষ তিন টি-টোয়েন্টি সিরিজে জিতেছে বাংলাদেশ। এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়ায় সিরিজগুলোর ফলাফল প্রভাব রাখবে বলে ধারণা করা হচ্ছে। তদুপরি বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা পাওয়ার হিটিংয়ে দেখা গেছে উন্নতির লক্ষণ। সে সঙ্গে দারুণ পেস আক্রমণ মিলিয়ে ব্যালেন্সড একটি দল নিয়েই লড়াইয়ে নামতে যাচ্ছেন লিটন।

বিজ্ঞাপন

তবুও বাংলাদেশের জন্য অতীত স্মৃতি খানিকটা তেতো হয়ে ফিরতে পারে। এই হংকংয়ের বিপক্ষেই ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হেরেছিল টাইগাররা। চট্টগ্রামে সেই ম্যাচটিতে বাংলাদেশকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে ২ উইকেটের বড় জয় পায় হংকং। বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচের পর থেকে এখন পর্যন্ত আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র ১১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে হংকং। যার প্রভাব দেখা গেল এশিয়া কাপের প্রথম ম্যাচেই। আফগানিস্তানের বিপক্ষে ৯৪ রানের বড় ব্যবধানে হেরে আসর শুরু করেছে হংকং।

বাংলাদেশের শক্তির জায়গা পেস বোলিং বিভাগ। তাসকিন আহমেদ এই বিভাগের নেতৃত্বে। পাওয়ার প্লেসহ শুরুর ১০ ওভারে ভরসা তিনিই। সে সঙ্গে স্পিনার শেখ মাহেদিও শুরুর বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ডেথ ওভারে দলের আস্থা থাকছে মোস্তাফিজুর রহমানের ওপর। তাকে সঙ্গ দিচ্ছেন তানজিম হাসান সাকিব। মাঝের ওভারগুলোর জন্য আছেন লেগস্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ।

সার্বিক ব্যাটিংয়ের তুলনায় বাংলাদেশের শক্তির জায়গাটা এখন অবশ্য বোলিংয়ে বেশি। তবে ভালো ব্যাটিং পিচ পেলে বাংলাদেশের ব্যাটিং লাইন হয়ে উঠতে পারে অপ্রতিরোধ্য। সবশেষ ১৮ মাসের হিসাবে পাওয়ার হিটিংয়েও দারুণ উন্নতি করেছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। বিশেষ করে পাওয়ার প্লেতে ওপেনার তানজিদের সঙ্গে পারভেজ হোসেন ইমন মিলে হিটিংয়ের ঝলক দেখাচ্ছেন। ডেথ ওভারের জন্য আছেন শামীম হোসেন ও জাকের আলী অনিক। সব মিলিয়ে দুই বিভাগেই এই ফরমেটে বাংলাদেশ এখন বদলে যাওয়া দলের ইঙ্গিত দিচ্ছে।

হংকং কোচ কুশল সিলভাও ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশকেই এগিয়ে রাখলেন। সে সঙ্গে জয়ের আশা দেখালেন। হারলেও শেখার মঞ্চ হিসেবেই দেখছেন এই ম্যাচকে, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। তাদের ভালো স্পিনার আছে, তাদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। কিন্তু আমরা যতটুকু পারি চেষ্টা করব। আমাদের শক্তির জায়গা কাজে লাগাতে চেষ্টা করব। আমি মনে করি দুর্দান্ত একটি জয় আসবে। এই ম্যাচ আমাদের জন্য যতটা সম্ভব অভিজ্ঞতা অর্জনের মঞ্চও। প্রতিযোগিতামূলক পর্যায়ে টেস্টখেলুড়ে দেশগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাটা সত্যিই ইতিবাচক দিক।’ তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংÑএই তিন বিভাগেই ভালো করতে হবে। আমরা দূরের স্বপ্ন দেখছি না, তবে মানসম্পন্ন ক্রিকেট খেলতে চাই এবং দেখতে চাই কোথায় গিয়ে শেষ করি।’

তবে কোচের কথার দিকে গেলেন না দলের অভিজ্ঞ ক্রিকেটার লেগ স্পিনার নিজাকাত খান। তিনি ম্যাচ জিততে প্রস্তুত, ‘অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে। টি-টোয়েন্টিতে দু-তিন ওভার ভালো খেললেই ম্যাচ ঘুরে যেতে পারে। আমাদের দলে এমন খেলোয়াড় আছে যারা ম্যাচ জেতাতে সক্ষম। আমরা পুরোপুরি প্রস্তুত। আমাদের শক্তি স্পিন বিভাগে। মোরতাজা এবং এহসান খান আছে। ব্যাটারদের মধ্যে বাবর হায়াত, জিসান আলি, আইজাজ খানÑসবাই ম্যাচ জেতানোর সামর্থ্য রাখে।’

প্রতিপক্ষ যখন হংকং, তখন অতীত ফিরে আসে, নাকি বাংলাদেশের যাত্রাটা সুখকর হয়Ñএ প্রশ্নের উত্তর মিলবে আজ রাতের ম্যাচে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন