পুনরায় নিয়োগ দেওয়ায় গত জানুয়ারির শেষদিকে পিটার বাটলারের অধীনে অনুশীলন বর্জন করেন বাংলাদেশ নারী দলের ১৮ ফুটবলার। বাটলারকে কোচ রাখলে অনুশীলনে যোগ না দেওয়ার পাশাপাশি অবসরের ঘোষণা দেন তারা। এরপর গত দুই মাসেরও বেশি সময় ধরে বিষয়টি নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে সব দ্বন্দ্বের সমাপ্তি হয়েছে। বাটলারের অধীনে মঙ্গলবার (৮ মার্চ) সকাল ছয়টায় শুরু হওয়া অনুশীলনে যোগ দেন ১৩ বিদ্রোহী ফুটবলার।
অনুশীলনে যোগ দেওয়া ওই ১৩ ফুটবলার হলো রুপনা চামকা, মোসাম্মৎ সাগরিকা, শিউলি আজিম, মারিয়া মান্দা, নাসরিন আক্তার, সাথী বিশ্বাস, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী, শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, সানজিদা আক্তার, মাসুরা পারভিন ও নিলুফা ইয়াসমিন। বাকি পাঁচজনের মধ্যে সুমাইয়া, ঋতুপর্ণা, মনিকা ও সাবিনা নারী লিগ খেলতে ভুটান গেছেন। অন্যদিকে পারিবারিক ছুটিতে আছেন তহুরা খাতুন।
বিদ্রোহী ফুটবলাররা নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন, গত ফেব্রুয়ারির মাঝামাঝিতে এমন দাবি করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সে অনুযায়ী এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে গত রোববার (৬ মার্চ) ক্যাম্পে যোগ দেন বিদ্রোহী ফুটবলাররা। সোমবার দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। সে বৈঠকে নারী ফুটবলারদের সব ভুলে যাওয়ার আহ্বান জানান বাটলার। সে আহ্বানে সাড়া দিয়ে অনুশীলনে ফিরলেন বিদ্রোহী ফুটবলাররা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

