ইংল্যান্ডের রেকর্ড ভেঙে জিতল অস্ট্রেলিয়া

ইংল্যান্ডের রেকর্ড ভেঙে জিতল অস্ট্রেলিয়া

বেন ডাকেটের সেঞ্চুরিতে ৩৫১ রানের রেকর্ড পুঁজি নিয়ে জয়ের স্বপ্নই বুঁনেছিল ইংল্যান্ড। কিন্তু তাদের চাওয়াটা পূরণ হলো না। ডাকেটের সেঞ্চুরির জবাবে পাল্টা শতক হাঁকান জশ ইংলিস। তার জাদুকরী তিন অঙ্কের সুবাদে ইংলিশদের দলীয় সংগ্রহের রেকর্ড ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়া। ৩৫৬ রান তুলে ৫ উইকেটের দাপুটে জয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু করল অজিরা। আইসিসির যে কোনো টুর্নামেন্টেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্ব রেকর্ড এটি।

ইংলিসের ব্যাট ছুঁয়ে এসেছে ১২০ রানের হার না মানা চমৎকার এক ইনিংস। নিজের ৮৬ বলের ইনিংসটি সাজান ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায়। তার সঙ্গে ব্যাট হাতে জ্বলে উঠেন অ্যালেক্স কেরি। ব্যাট হাতে তিনি এনে দেন ৬৯ রানের দারুণ এক ইনিংস। দলীয় স্কোরে ম্যাথু শর্ট যোগ করেন ৬৩ রান। আর মারনাস লাবুশেন এনে দেন ৪৭ রান। তাতে ৫ উইকেট হারিয়ে ৪৭.৩ ওভারে ৩৫৬ রান তুলে জয়ের বন্দরে নোঙর করে অস্ট্রেলিয়া। জয়ের উল্লাসে মাতে তারা ১২ বল হাতে রেখেই।

তার আগে সেরা আট দলের টুর্নামেন্টে ৩৫১ রানের দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়েছিল ইংল্যান্ড। আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৪ সালের আসরে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৪৭ রান করেছিল ব্ল্যাক ক্যাপসরা।

মূলত বেন ডাকেটের রেকর্ডময় ইনিংসের কারণে দলীয় সর্বোচ্চ রানের চূড়ায় উঠতে পেরেছিল ইংল্যান্ড। মার্নাস লাবুশানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৬৫ রান করেন এই ওপেনার। ১৪৩ বলে ১৭ চার ও ৩ ছয়ের মারে এই ইনিংস খেলেন ডাকেট। এটা চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। রেকর্ড গড়তে নাথান অ্যাশলেকে পেছনে ফেলেন ডাকেট। ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার।

ইংল্যান্ডের হয়ে ৭৮ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ রান করেন জো রুট। এ ছাড়া বাটলার ২৩ ও আর্চার করেন ২১ রান। অথচ ইংল্যান্ডের শুরুটা মোটেও ভালো ছিল না। দলীয় ৪৩ রানে ফিল সল্ট ও জেমি স্মিথকে হারায় তারা। তৃতীয় উইকেটে রুটকে নিয়ে ১৫৮ রান যোগ করেন ডাকেট। মূলত এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ইংলিশরা। অস্ট্রেলিয়ার হয়ে ৬৬ রানে ৩ উইকেট নেন বেন দারসুইস।

সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড : ৩৫১/৮, ৫০ ওভার (বেন ডাকেট ১৬৫, জো রুট ৬৮, জস বাটলার ২৩, আর্চার ২১*, স্মিথ ১৫, লিভিংস্টোন ১৪ ও সল্ট ২০; দারসুইস ৩/৬৬, জাম্পা ২/৬৪, লাবুশেন ২/৪১ ও ম্যাক্সওয়েল ১/৫৮)।

অস্ট্রেলিয়া : ৩৫৬/৫, ৪৭.৩ ওভার (ইংলিস ১২০*, কেরি ৬৯, শর্ট ৬৩, লাবুশেন ৪৭ ও ম্যাক্সওয়েল ৩২*; উড ১/৭৫, আর্চার ১/৮২, কার্স ১/৬৯, আদিল ১/৪৭ ও লিভিংস্টোন ১/৪৭)।

ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।

ম্যাচসেরা : জশ ইংলিস (অস্ট্রেলিয়া)।

টস : অস্ট্রেলিয়া (ফিল্ডিং)।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন