চিলির বিপক্ষে হারের রেকর্ড আছে ব্রাজিলের। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আরেকবার দলটির মুখোমুখি হবার আগে সেই স্মৃতিই ফিরছিল। তবে মারাকানায় সেটা বাস্তবায়ন হতে দিলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতিময় ফুটবলে চিলিকে ৩-০ গোলে হারাল কার্লো আনচেলত্তির দল।
মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ম্যাচের প্রথমার্ধে এস্তেভাও দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়িয়েছেন লুকাস পাকেতা ও ব্রুনো গিমারাইস। ৬৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ২২টি শট নেয় ব্রাজিল, এর সাতটি ছিল লক্ষ্যে। চিলি তিন শটের কোনোটিই ঠিক থাকেনি।
একের পর এক আক্রমণের ঝড় বইয়ে দেওয়া ব্রাজিল এগিয়ে যায় ম্যাচের ৩৮তম মিনিটে। রাফিনিয়ার শট কোনোমতে হাত বাড়িয়ে ফেরান চিলি গোলরক্ষক। তবে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগান এস্তেভাও। বাইসাইকেল কিকে জাল খুঁজে নেন চেলসির এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ সুযোগ পান এস্তেভাও। ৪৬তম মিনিটে শট লক্ষ্যে রাখতে পারেননি এই ফরোয়ার্ড। ৫৫তম মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির শট রুখে দেন চিলি গোলরক্ষক।
অবশেষে ৭১তম মিনিটে দ্বিতীয় গোলটি পায় ব্রাজিল। বদলি নামার কয়েক সেকেন্ডের মধ্যে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন পাকেতা। লুইস এইহিকের ক্রসে খুব কাছ থেকে হেডে জাল খুঁজে নেন ওয়েস্ট হ্যামের মিডফিল্ডার।
৭৬তম মিনিটে স্কোর লাইন ৩-০ করে ফেলেন গিমারাইস। এইহিকের শট কোনোমতে চিলি গোলরক্ষক ঠেকালেও ছুটে গিয়ে ফিরতি বল জালে পাঠান নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার গিমারাইস।
এই জয়ের ফলে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ব্রাজিল। ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছো উরুগুয়ে। তারা ৩-০ গোলে হারিয়েছে পেরুকে।
বলিভিয়াকে একই ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে পাঁচে। ২৬ পয়েন্ট নিয়ে চারে আছে ইকুয়েডর। এক পয়েন্ট কম নিয়ে ছয়ে প্যারাগুয়ে। আন্তমহাদেশীয় প্লে-অফের জন্য লড়াইয়ে আছে পরের দুটি স্থানে থাকা ভেনেজুয়েলা (১৮) ও বলিভিয়া (১৭)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

