গোলের সেঞ্চুরির পরও দলের জয়কেই বড় করে দেখছেন এমবাপ্পে

গোলের সেঞ্চুরির পরও দলের জয়কেই বড় করে দেখছেন এমবাপ্পে

এল ক্লাসিকোর মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব দেখালেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জোড়া গোলেই বার্সেলোনার মাঠে ২–১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে স্প্যানিশ ক্লাবটির হয়ে শততম গোলের মাইলফলকও ছুঁয়েছেন ফরাসি ফরোয়ার্ড। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন তিনি। ম্যাচ শেষে এমবাপ্পে বলেছেন, শিরোপার লড়াইয়ে টিকে থাকতে এই তিন পয়েন্ট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে এটি ছিল এমবাপ্পের শততম গোল। ২০২৪ সালের গ্রীষ্মে পিএসজি ছেড়ে মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেওয়ার পর ১১৬ ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ক্লাবটির ইতিহাসে শত গোল করা ২৪তম খেলোয়াড় এখন এমবাপ্পে। দ্রুততম শত গোলের তালিকায় তাঁর অবস্থান চতুর্থ।

ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, দলের সবাই মিলে জয়টি এনে দিয়েছেন। তাঁর ভাষায়, “আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয়। আমরা জানতাম, দল হিসেবে খেলতে হবে। কঠিন সময় এসেছে, আবার কিছু সময় আমরা আধিপত্যও দেখিয়েছি। শিরোপার লড়াইয়ে থাকতে এই জয় গুরুত্বপূর্ণ, তবে এটি মাত্র তিন পয়েন্ট।”

বার্সেলোনার বিপক্ষে এমবাপ্পের গোলের রেকর্ডও ঈর্ষণীয়। কাতালান ক্লাবটির বিপক্ষে ১১ ম্যাচে তাঁর গোল এখন ১৪টি। এই শতাব্দীতে বার্সার বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদো ২০ এবং করিম বেনজেমা ১৬ গোল করেছেন।

রিয়ালের হয়ে গোলের পর গোল করলেও এখনো ক্লাবটির হয়ে বড় কোনো শিরোপা জেতা হয়নি এমবাপ্পের। তাই ব্যক্তিগত মাইলফলকের পাশাপাশি এবার দলকে ট্রফি জেতানোর লক্ষ্যেই এগোতে চান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন