রাঙামাটির রাজস্থলী উপজেলার দুর্গম ঘিলাছড়ি ইউনিয়নে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা (৫৫) নামে এক জুমচাষি নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘিলাছড়ি ইউনিয়নের ৩ নম্বর বলিপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর আনুমানিক চারটার দিকে হরিমনি ত্রিপুরা ও তাঁর স্ত্রী ফুলমতি ত্রিপুরা জুমের পাহাড়ে মাড়াই করে রাখা পাকা ধান আনতে বাড়ি থেকে বের হন। জুমে যাওয়ার পথে হঠাৎ একটি বন্য শূকর তাঁদের ওপর আক্রমণ চালায়। শূকরের আকস্মিক ও হিংস্র আক্রমণে স্বামী হরিমনি ত্রিপুরা মারাত্মকভাবে জখম হন। এ সময় তার স্ত্রী ফুলমতি ত্রিপুরা দ্রুত দৌড়ে গিয়ে গ্রামবাসীদের খবর দেন। তবে গ্রামবাসী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে হরিমনি ত্রিপুরার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা জানান, ‘বন্য শূকরের আক্রমণে বলিপাড়া এলাকার জুমচাষি হরিমনি ত্রিপুরার নিহতের খবর আমরা পেয়েছি। এলাকাটি অত্যন্ত দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নিহতের শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা চলছে।’
ভোরে জুমের ধান আনতে গিয়ে এভাবে লাশ হয়ে বাড়ি ফেরার ঘটনায় স্থানীয় জুমচাষি ও ত্রিপুরা পাড়ার বাসিন্দাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

