পূর্ববিরোধের জেরে

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যা

চৌদ্দগ্রামে রাইডারকে পিটিয়ে হত্যা
ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ববিরোধের জেরে ইউসুফ হোসেন নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ কনকাপৈত বাজার সংলগ্ন কনকাপৈত দক্ষিণ পাড়ার ব্যাংক কর্মকর্তা কাজী একরামের ছোট ভাই।

বিজ্ঞাপন

দুপুরে ইউসুফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। নিহত কাজী মো. ইউসুফ এলাকায় ইসলামী সংগীতশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তিনি জীবিকার তাগিদে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ শুরু করেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড নিয়ে বাতিসা ইউনিয়নের আমজাদের বাজারের 'ফারিহা এন্টারপ্রাইজ'-এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের মালিকানাধীন ট্রাক্টরচালকের সঙ্গে রাইডার কাজী ইউসুফের বাকবিতণ্ডা হয়। ওই সময় আবুল কালাম আজাদ রাইডার ইউসুফকে আমজাদের বাজার সীমানায় না যাওয়ার জন্য হুমকি দেন।

সোমবার সকালে কাজী ইউসুফ আমজাদের বাজারে গেলে ফারিহা এন্টারপ্রাইজ এলাকায় তাঁর ওপর হামলা চালান আবুল কালাম আজাদ ও তাঁর সঙ্গীরা। হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীকালে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, ‘ইউসুফ হোসেন নামে অসুস্থ এক ব্যক্তিকে স্বজনরা হাসপাতালে নিয়ে এসেছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ‘ট্রাক্টরে বালু লোড-আনলোড নিয়ে কাজী ইউসুফ নামের এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়েছিল। সকালে আমজাদের বাজারে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে; তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন