যমুনায় গোসলে নেমে

সিরাজগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবি: আমার দেশ

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর জিসান আহমেদ (২৩) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বিজ্ঞাপন

সোমবার সকালে সিরাজগঞ্জের এনায়েতপুর স্পার বাঁধ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত জিসান আহমেদ গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ব্যবস্থাপনা’ বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাহেবপাড়া মহল্লার আকবার আলীর ছেলে।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান জানান, রোববার ঢাকা থেকে চার বন্ধু মিলে এনায়েতপুরে ‘গোলামের হোটেলে’ খাবার খেতে আসেন। এ সময় যমুনা নদীতে গোসলে নেমে জিসান পানিতে তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয় জেলেরা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

তিনি আরও জানান, এনায়েতপুর থানা পুলিশ ও বেলকুচি ফায়ার সার্ভিস দিনভর চেষ্টার পর সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সহায়তায় জিসানের লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের স্বজনেরা লাশ নেওয়ার জন্য এসেছেন।

নিহতের চাচা জাহিদ আহম্মেদ শিমুল বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ গ্রহণ করতে চলে এসেছি।’

এদিকে বন্ধুদের সঙ্গে আনন্দ ভ্রমণ মুহূর্তের মধ্যে বিষাদে রূপ নেওয়ায় নিখোঁজ ছাত্রের স্বজন ও পরিবারে চরম শোকের ছায় নেমে এসেছে। ঘটনার পর রবিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন