বরিশাল মেট্রোপলিটন পুলিশে যুক্ত হচ্ছে আরো চার নতুন থানা

বরিশাল মেট্রোপলিটন পুলিশে যুক্ত হচ্ছে আরো চার নতুন থানা

বরিশাল মহানগরীতে আরও চারটি নতুন থানা স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নগরীতে থানার সংখ্যা চার থেকে বেড়ে আটটিতে দাঁড়াবে। এর ফলে নগরবাসীর দোরগোড়ায় পুলিশি সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে বলে মনে করছে বিএমপি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এ কথা জানান বিএমপির পুলিশ কমিশনার মো. আবু রায়হান মুহাম্মদ সালেহ।

এ সময় তিনি বলেন, ২০০৬ সালের ২৬ অক্টোবর যাত্রা শুরু করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বর্তমানে চারটি থানার মাধ্যমে নগরবাসীকে সেবা দিচ্ছে সংস্থাটি। তবে জনসংখ্যা বৃদ্ধি, দ্রুত নগরায়ণ ও যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জও বাড়ছে। ভবিষ্যতে বরিশাল মহানগরীতে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। বর্তমানে বিএমপিতে প্রায় ১ হাজার ৮০০ সদস্য কর্মরত রয়েছেন এবং প্রতিষ্ঠার দুই দশক ধরে তাঁরা নগরীর নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে গতকাল সকালে বিএমপি কার্যালয় চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বান্দ রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ বলেন, পরিবর্তিত নগর বাস্তবতায় আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি নগরবাসীর আন্তরিক সহযোগিতাও প্রয়োজন। নগরীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশি সেবার পরিধি বাড়ানো এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার, জেলা প্রশাসক মো. মামুন খন্দকার, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৮) অধিনায়ক মোহাম্মদ জাকিউল করিম, উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান ও সুশান্ত সরকার, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সহসভাপতি হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রা শেষে কেক কেটে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন