চট্টগ্রাম সিটি কর্পোরেশন

ডা. শাহাদাতের প্রশাসক নিয়োগ বাতিল চায় এনসিপি

ডা. শাহাদাতের প্রশাসক নিয়োগ বাতিল চায় এনসিপি
সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা। ছবি: আমার দেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম মহানগর। দলটির নেতাদের দাবি, ডা. শাহাদাতের মেয়র হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তীকালে তাঁকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত—দুটিই অবৈধ।

বিজ্ঞাপন

সোমবার সকালে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির নেতারা। সংবাদ সম্মেলনে তাঁরা অভিযোগ করেন, ডা. শাহাদাত হোসেনের দায়িত্বকালে চট্টগ্রাম নগরের সার্বিক পরিস্থিতির উন্নতি তো হয়ইনি, উল্টো নাগরিক দুর্ভোগ বেড়েছে। তাই নগরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নির্বাচনের মাধ্যমে নতুন মেয়র নির্বাচিত করার দাবি জানান নেতারা।

চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়েব বলেন, ‘নগরবাসীর সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে এমন একজন মেয়র জনগণের ভোটে নির্বাচিত হওয়া উচিত।’

প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে সরকারকে সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে চসিকের বিভিন্ন কার্যক্রম নিয়ে অভিযোগ তুলে সদস্যসচিব আরিফ মঈনুদ্দীন বলেন, ডা. শাহাদাত হোসেনের বিরুদ্ধে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট পরিচালনা, বিপ্লব উদ্যান দখল এবং ফুটপাত দখল করে দোকান বসানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া কোনো ধরনের প্রজ্ঞাপন ছাড়াই বিভিন্ন হাট ইজারা দেওয়ার অভিযোগ এনে তিনি দাবি করে বলেন, ‘হাট ইজারা দেওয়ার ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় চসিক বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, যা নগরবাসীর উন্নয়নে কাজ করার সক্ষমতাকেও বাধাগ্রস্ত করছে।’

উল্লেখ্য, গতকাল রোবাবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সরিয়ে ডা. শাহাদাত হোসেনকে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। আদালতের রায়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছরের মাথায় সরকার এ পদক্ষেপ নিল।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন