গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় আব্দুস সামাদ (৬০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন।
নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
নিহতের ভাই কামরুল ইসলামের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তিনি তাঁর বাবার কাছে মাদক সেবনের টাকা চান। আব্দুস সামাদ টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে আনোয়ার তাঁর মাথা ও বুকে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর আনোয়ার বাড়ি থেকে পালিয়ে যান। সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, খবর পেয়ে পুলিশ আব্দুস সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। পলাতক আনোয়ারকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-5f7594-720x405.webp)