জমে উঠেছে ‘অ্যান্ডারসন-শচীন ট্রফি’র লড়াই। তৃতীয় ম্যাচে লর্ডসে ইংল্যান্ডের জয়ের পরপরই সিরিজের পারদ ছুঁয়েছে উন্মাদনার শিখর। প্রথম ম্যাচে জয় পাওয়া বেন স্টোকসের দল লর্ডসেও জয় তুলে আছে সিরিজ জয়ের পথে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া ভারতের সামনে ম্যানচেস্টারে সিরিজ বাঁচানোর পাশাপাশি ইতিহাস গড়ারও সুযোগ। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ভারতীয়রা ম্যানচেস্টারে কখনো টেস্ট ম্যাচই জিতেনি। এবার কি ভাঙতে পারবে পরাজয়ের বলয়? এই উত্তর মেলাতে আগামীকাল বিকেল চারটায় ইংলিশদের মুখোমুখি হচ্ছে শুভমান গিলের দল।
পরিসংখ্যান জানাচ্ছে ওল্ড ট্রাফোর্ডে ভারত আজ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচও জিতেনি। এখানে ৯ টেস্টের মধ্যে ভারত ৪টিতে হেরেছে এবং ৫টি ড্র হয়েছে। এবার ভারতের সামনে ইতিহাস বদলের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে মাঠে নামার আগে বেশ বিপদেই পড়েছে গিলের দল। ইনজুরি সমস্যা ঘিরে ধরেছে তাদের। ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার ঋষভ পান্ত। সেই চোটের রেশ কাটতে না কাটতেই আর্শদীপ সিং নিয়ে এলেন আরেক দুঃসংবাদ। এই টেস্টে তাকেও পাওয়া যাবে না। ইনজুরি আক্রান্ত দল ভারী করলেন আকাশ দীপ। এই পেসারের পিঠে আবার ব্যথা শুরু হয়েছে। লর্ডসে শেষ স্পেলের ওভার শেষ হতেই ফিজিও মাঠে এসে তাকে সাজঘরে নিয়ে যান। সেই ব্যথা আরও বেড়ে যাওয়ায় ম্যানচেস্টারে তার খেলা অনিশ্চিত। অনুশীলনেও বল করেননি তিনি। ম্যানচেস্টারে আকাশদীপের বদলে খেলতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা।
এদিকে, ওল্ড ট্রাফোর্ড ইংল্যান্ডের জন্য একেবারে একটি দুর্গের মতো। এই শতাব্দিতে এখানে ১৯টি টেস্ট খেলে মাত্র দুটিতে হেরেছে ইংলিশরা। এই মাঠে মোট ৮৪টি টেস্ট খেলে তারা জিতেছে ৩৩টি, বিপরীতে ১৫টি হেরেছে এবং ৩৬টি ড্র হয়েছে। ফলে পরিসংখ্যান বলে দিচ্ছে এই মাঠ কতটা পয়া ইংল্যান্ডের জন্য। এমন রেকর্ডকে সঙ্গী করে ভারতের বিপক্ষে মাঠে নামতে যাওয়া ইংলিশরা আছে ফুরফুরে মেজাজে। এই মাঠে জো রুটের ব্যাট খুবই সাবলীল। তিনি এখানে ১১টি টেস্টে ৯৭৮ রান করেছেন। অধিনায়ক স্টোকসও এই মাঠে ৫০-র বেশি গড়ে রান করেছেন।
ভারতের এই দলটা সম্পূর্ণ তরুণ। তারুণ্যময় এই দল সমীকরণ উল্টে দিয়ে ইতিহাস গড়ে সিরিজে টিকে থাকতে পারে কিনা সেই প্রশ্নের উত্তর খোঁজা শুরু আজ থেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

