বাংলাদেশ ফুটবলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সংকট নতুন কিছু নয়। জাতীয় পুরুষ ফুটবল দল স্পন্সর শূন্য ছিল এক দশকের বেশি সময় ধরে। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন নতুন কমিটি দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যে কিট স্পন্সর পেয়েছে বাফুফে। এবার জাতীয় পুরুষ ফুটবল দল পেতে যাচ্ছে পৃষ্ঠপোষকও।
এবার জাতীয় পুরুষ ফুটবল দলের স্পন্সর হতে যাচ্ছে ইউসিবি ব্যাংক। মার্কেটিং কমিটির চেয়ারম্যান বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম পুরুষ ফুটবল দলের স্পন্সর নিয়ে বলেন, ‘পাঁচ বছরের জন্য বাফুফে ও ইউসিবি ব্যাংকের মধ্যে চুক্তি হবে। এই চুক্তির আলোকে ইউসিবি ব্যাংক জাতীয় পুরুষ ফুটবল দলের পৃষ্ঠপোষকতা করবে। আগামীকাল সমঝোতা স্বারক স্বাক্ষর হবে দুই পক্ষের মধ্যে।’ ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক এর আগে নারী ফুটবল ও বাফুফের বিভিন্ন টুর্নামেন্টে পৃষ্ঠপোষক ছিল।
এখন দেশের নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ঢাকা ব্যাংক। সাবিনা খাতুনদের স্পন্সর থাকলেও জামাল ভূঁইয়াদের কোনো স্পন্সর ছিল না এতদিন। এবার সেই অভাব ঘুচতে যাচ্ছে। আগামীকাল পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইউসিবির প্রধান কার্যালয়ে চুক্তি করবে বাফুফে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

