ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতার মিশনে আরও একধাপ এগিয়ে গেল লিভারপুল। নিজেদের সবশেষ ম্যাচে সাউদাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে মার্সিসাইডের ক্লাবটি। অপর ম্যাচে নটিংহামের কাছে ১-০ গোলে হেরেছে ম্যানসিটি।
শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৭০ পয়েন্ট। ২৯ ম্যাচ খেলেছে তারা। দুইয়ে অবস্থান করা আর্সেনাল লিভারপুলের চেয়ে ১৬ পয়েন্ট পিছিয়ে আছে। ২৭ ম্যাচ খেলেছে তারা। ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে নটিংহাম। ৪৭ পয়েন্ট পাওয়া ম্যানসিটির অবস্থান চারে। সমান ২৮টি করে ম্যাচ খেলেছে তারা।
জিতলেও অ্যানফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে লিভারপুল। বিরতিতে যাওয়ার ঠিক আগে গোল হজম করে তারা। আক্রমণাত্মক ফুটবলে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৫১ মিনিটে ডারউইন নুনেজের গোলে সমতায় ফেরে লিভারপুল। চার মিনিটের ব্যবধানে মোহাম্মদ সালাহর স্পট কিক থেকে করা গোলে লিড নেয় তারা। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে মিশরীয় ফরওয়ার্ড ফের স্পট কিক থেকে গোল করলে স্কোরলাইন ৩-১ হয়।
নটিংহামের বিপক্ষে পূর্ণ পয়েন্ট তুলে নিতে পারলে টেবিলের তিনে উঠে যেতো ম্যানসিটি। এমন সমীকরণে নিজেদের চেনা ছন্দ দেখাতে পারেনি চলতি মৌসুমে চরম অধারাবাহিকতার মধ্য দিয়ে যাওয়া সিটিজেনরা। সিটি গ্রাউন্ডে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে প্রাধান্য বিস্তার করতে পারেনি সফরকারীরা। ম্যাচের একমাত্র গোলটি হয় ৮৩ মিনিটে। বক্সের ডানদিক থেকে নটিংহামের ইংলিশ ফরওয়ার্ড হাডসন ওডোইয়ের নেওয়া শট জালে জড়ায়। তাতেই জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
জার্মান বুন্দেসলিগায় বোখুমের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরেছে বায়ার্ন মিউনিখ। জার্মানির শীর্ষ লিগের অপর ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের কাছে ২-০ গোলে হেরেছে বায়ার লেভারকুজেন। ইতালিয়ান সিরি’এতে মঞ্জাকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। লিসের বিপক্ষে সমান ব্যবধানের জয় পেয়েছে সান সিরোর আরেক ক্লাব এসি মিলান। অন্যদিকে ফরাসি লিগ ওয়ানে রেনেসকে ৪-১ গোলে হারিয়েছে পিএসজি।
একনজরে ফল
লিভারপুল ৩-১ সাউদাম্পটন
নটিংহাম ১-০ ম্যানসিটি
বায়ার্ন মিউনিখ ২-৩ বোখুম
ব্রেমেন ২-০ লেভারকুজেন
ইন্টার মিলান ৩-২ মঞ্জা
এসি মিলান ৩-২ লিস
পিএসজি ৪-১ রেনেস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

