ম্যাচের প্রথমার্ধে তিন গোলের স্বস্তি, দ্বিতীয়ার্ধে তিন গোল হজম। নিজেদের মাঠে এমন নাটকীয় অভিজ্ঞতার মধ্য দিয়ে মেজর লিগ সকারের নিয়মিত মৌসুম শেষ করল ইন্টার মিয়ামি। আজ শার্লট এফসির বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। তিন গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় না পাওয়ায় হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
নু স্টেডিয়ামে ম্যাচের ১৪ মিনিটে কর্নার থেকে আসা বলে কাছ থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন ইয়ান ফ্রে। ৩৩ মিনিটে মেসির কর্নার থেকে জার্মান বেরেতেরামের হেডের পর বল পেয়ে গোল করেন লুইস সুয়ারেজ। এটি ছিল চলতি লিগ মৌসুমে তার ১৭তম গোল। দুই মিনিটের ব্যবধানে নয়, বিরতির আগেই ৪২ মিনিটে দূরপাল্লার শটে ব্যবধান ৩-০ করেন রদ্রিগো ডি পল।
তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের চিত্র। ৫০ ও ৫৫ মিনিটে পরপর দুই গোল করে শার্লটকে লড়াইয়ে ফেরান লিয়েল আবাদা। এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। নির্ধারিত সময়ের শেষ মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফিরলে ফিরতি বলে গোল করে শার্লটকে সমতা এনে দেন রোদলফো আলোকো।
গোল না পেলেও মেসি মৌসুম শেষ করেছেন ২৬ গোল নিয়ে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এমএলএসের গোল্ডেন বুট জিতেছেন মেসি। নিয়মিত মৌসুম শেষে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় হয়েছে মিয়ামি। প্লে-অফের প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ হবে কলম্বাস ক্রু।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

