ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ

ইয়েমেনে ১ লাখ ৬৫ হাজার শিশু ঘরছাড়া: ইউনিসেফ
ইয়েমেনে বাস্তুচ্যুত ব্যক্তিদের জন্য তৈরি শিবিরের শিশুরা একটি অস্থায়ী শ্রেণিকক্ষে পড়াশোনা করছে। ছবি: এএফপি

ইয়েমেনে চলমান হামলা ও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বাস্তুচ্যুতদের মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজারই শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটির আঞ্চলিক মুখপাত্র সালিম ওয়েইস আলজাজিরাকে জানান, সংঘাতের কারণে হাজার হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে বাধ্য হয়েছে। বাস্তুচ্যুত শিশুদের স্বাভাবিক জীবনযাত্রা, দৈনন্দিন কার্যক্রম ও নিরাপত্তা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।

তিনি বলেন, শিশুরা এখন নিজেদের বাড়ি ও বিদ্যালয়ের মতো নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন। খোলা জায়গায় নানা ঝুঁকি ও বিপদের মধ্যে তাদের দিন কাটছে। স্বাভাবিক শৈশবের পরিবর্তে তাদের প্রতিনিয়ত অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হতে হচ্ছে।

সালিম ওয়েইস আরো বলেন, সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে পরিবারগুলোকে। যুদ্ধের কারণে অনেক বিদ্যালয়ও ঝুঁকির মুখে পড়েছে।

কিছু বিদ্যালয়ে সরাসরি হামলা চালানো হচ্ছে, আবার কিছু বিদ্যালয় সংঘাতের সম্মুখসারিতে অবস্থান করছে। এ ছাড়া কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে বিকল্প কাজে ব্যবহার করা হচ্ছে। সেগুলোর মধ্যে নিরাপদ আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী আবাসস্থল হিসেবে ব্যবহারের ঘটনাও রয়েছে।

ইউনিসেফের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, ইয়েমেনে চলমান যুদ্ধ শুধু মানুষের ঘরবাড়ি ও নিরাপত্তাই কেড়ে নিচ্ছে না, শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বেড়ে ওঠার পরিবেশও ধ্বংস করছে। ফলে দেশটির হাজার হাজার শিশু একদিকে নিরাপত্তাহীনতায় ভুগছে, অন্যদিকে শিক্ষা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ছে।

এ পরিস্থিতিতে বাস্তুচ্যুত শিশুদের নিরাপত্তা, শিক্ষা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন