ব্রিজটাউন টেস্ট শুরু আজ

অজিদের ব্যাটিং বনাম ক্যারিবীয় পেস

অজিদের ব্যাটিং বনাম ক্যারিবীয় পেস

অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের লাল বলের লড়াই উপভোগের অপেক্ষার প্রহর অবশেষে শেষ হচ্ছে ক্রিকেটপ্রেমীদের। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বাংলাদেশ সময় আজ বুধবার রাত ৮টায় মাঠে গড়াচ্ছে দুদলের তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

বিজ্ঞাপন

বার্বাডোজের ব্রিজটাউনে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়াই ফেভারিট। তবে ব্যাটিং নিয়ে অজিরা নানা প্রশ্নের মুখে। চোটের জন্য দলে নেই স্টিভেন স্মিথ। আর মার্নাস লাবুশানে তো ছিটকেই গেছে দল থেকে। এই সুযোগে দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস ও জশ ইংলিশ। টেস্ট ক্রিকেটে তিন নম্বর ব্যাটিং পজিশনে ফেরা ক্যামেরন গ্রিনের ফেরা এখন অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওয়ানডাউনে নেমে তার বাজে ব্যাটিংই তাকে পিছিয়ে রাখছে। সবার নজর থাকবে উসমান খাজার ওপর।

এখানেই সুযোগটা লুফে নিতে পারে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই অস্ট্রেলিয়ার টপ-অর্ডারকে চাপে ফেলতে পারে ক্যারিবীয়রা। তবে স্বাগতিকদের দলে নেই কেমার রোচ। কোচ ড্যারেন স্যামি ও নতুন অধিনায়ক রোস্টন চেজের অধীনে দলের চেহারাই পাল্টে গেছে। ক্যারিবীয়রা বোলিং আক্রমণে নামবে তিন তারকা পেসার- শামার জোসেফ, জেডেন সিলস ও আলজারি জোসেফকে নিয়ে। সঙ্গে থাকছেন বাঁ-হাতি স্পিনার জোমেল ওয়ারিক্যান। সফরকারীদের অল্প পুঁজিতে আটকে রাখতে যেটা যথেষ্ট হতে পারে উইন্ডিজের জন্য।

সঙ্গে রয়েছেন আরো দুই পেসার। দলে পেস, সুইং, তারুণ্য আর প্রতিজ্ঞার সন্নিবেশ ঘটাতে থাকছেন দুই পেসার অ্যান্ডারসন ফিলিপ ও জোহান লেইনে। লাল বলের লড়াই শেষে দুদল খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন