জয় দিয়ে আইপিএলের এবারের আসরে নিজেদের পথচলা শুরু করল সানরাইজার্স হায়দরাবাদ। রোববার (২৩ মার্চ) দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪৪ রানে হারিয়েছে প্যাট কামিন্স অ্যান্ড কোং।
রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ২৮৬ রানের পুঁজি পায় হায়দরাবাদ। এটা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। অরেঞ্জ আর্মিদের এই সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ইশান কিশান। ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন এই টপঅর্ডার। ৪৭ বলে ১১ চারের পাশাপাশি ৬টি ছয় হাঁকান কিশান। ৩১ বলে ৬৭ রান এনে দেন হেড। হেনরিখ ক্লাসেনের অবদান ৩৪ রান। ১৪ বল খেলেন এই প্রোটিয়া ব্যাটার। এছাড়া ১৫ বলে ৩০ রানের ইনিংস খেলেন নিতিশ কুমার। হায়দরাবাদের রেকর্ড রানের দিনে সবচেয়ে বেশি খরুচে ছিলেন জোফরা আর্চার। ৪ ওভারে ৭৬ রান খরচ করেন এই পেসার।
জবাবে সাঞ্জু স্যামসন ও ধ্রুব জোরেলের দ্রুত ফিফটিতে ২৪২ রানে থামে রাজস্থানের ইনিংস। ৩৫ বলে ৭০ রান করেন জোরেল। ৩৭ বলের মোকাবেলায় ৬৬ রানের ইনিংস খেলেন স্যামসন। ২৩ বলে ৪২ রান এনে দেন শিমরন হেটমায়ার। এছাড়া শিভম দুবের অবদান ৩৪ রান। হায়দরাবাদের হয়ে হার্শাল প্যাটেল ও সিমারজিত নেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
হায়দরাবাদ: ২৮৬/৬ (২০ ওভার); কিশান ১০৬, হেড ৬৭; তুষার ৩/৪৪
রাজস্থান: ২৪২/৬ (২০ ওভার); জোরেল ৭০, স্যামসন ৬৬; হার্শাল ২/৩৪
ফল: হায়দরাবাদ ৪৪ রানে জয়ী
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

