ক্রিকেটে ম্যাচে বৃষ্টি কারো জন্য হাসি, কারো জন্য মন খারাপের গল্পের মতো। সেটাই আরেকবার দেখলো ক্রিকেট বিশ্ব। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি ভাগ্যে জিতল দক্ষিণ আফ্রিকা, মন খারাপের স্বাক্ষী হলো ইংল্যান্ড। বৃষ্টি আইনে ১৪ রানে জয় প্রোটিয়াদের।
কার্ডিফে বৃষ্টির কারণে ২ ঘণ্টা ২০ মিনিট দেরিতে শুরু হয় খেলা। খেলা শুরুর পর আরেক দফা। তাতে ম্যাচ নেমে আসে ৯ ওভারে। ব্যাটিংয়ে নেমে ৭.৫ ওভারে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ যখন ৫ উইকেটে ৯৭, তখন আবারও বৃষ্টি। এরপর আর ব্যাটিংয়ে নামতে পারেনি প্রোটিয়ারা।
বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য নির্ধারণ করা হয় ৫ ওভারে ৬৯ রান। হ্যারি ব্রুকের দল শেষ পর্যন্ত তা করতে পারেনি। ৫ ওভারে ৫ উইকেটে ৫৪ রানে থেমেছে তাদের ইনিংস। ডিএলএস নিয়মে ১৪ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা।
প্রোটিয়াদের হয়ে ১৪ বলে ২৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক মার্করাম। ডনোভান ফেরেইরা অপরাজিত থাকেন ১১ বলে ২৫ রানে। লুক উড ২টি উইকেট নেন ইংল্যান্ডের হয়ে। রান তাড়ায় নেমে ওভারপ্রতি ১৩.৮ করে তোলার চাপ নিতে পারেনি ইংলিশরা। সর্বোচ্চ ১১ বলে ২৫ রান করেন ইংল্যান্ড ওপেনার জস বাটলার।
ম্যাচ শেষে ব্রুক বলেছেন, ‘এ সিদ্ধান্ত (বৃষ্টির ভেতর খেলা চালিয়ে যাওয়া) আমার নয়, আম্পায়ার ও ম্যাচ রেফারির। মাঠে যা করতে পারি, আমরা শুধু সেটাই করার চেষ্টা করি।’ ম্যানচেস্টারে আগামীকাল দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

