প্রথম রাউন্ডে দারুণ খেলেছেন। ছন্দটা ধরে রেখে নাওমি ওসাকা টিকিট কেটেছেন বাড হোমবার্গ ওপেনের দ্বিতীয় রাউন্ডে। তবে জাপানের এ তারকার হাতে জয়টা মোটেই সহজে ধরা দেয়নি।
সরাসরি সেটে জিতলেও দুই সেটেই জিততে হয়েছে টাইব্রেকারে। প্রথম সেট ৭-৬ (৮-৬) গেমে জেতার পার দ্বিতীয় ও শেষ সেটে ওসাকা শেষ হাসি হাসেন ৭-৬ (৭-৪) ব্যবধানে। সেন্টার কোর্টের লড়াই শেষে সার্বিয়ান প্রতিপক্ষ ওলগা দানিলোভিচকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন ওসাকা।
জার্মানির এ টেনিস টুর্নামেন্টের শেষ ৩২ পর্বে জয়ের সন্ধান পেয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কাও। বেলারুশের এ তারকা সরাসরি সেটে ৬-২ ও ৬-২ গেমে অনায়াসে হারান স্বাগতিক খেলোয়াড় লরা সিগমুন্ডকে।
অন্যদিকে এজবাস্টস ওপেনে জিতেছেন ড্যান ইভান্স। ব্রিওটেনের এ খেলোয়াড় ৩-৬, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়েছেন সার্বিয়ার মিওমির কেচমানোভিচকে।
আর জার্মানির টেরা ওয়ার্টম্যান ওপেনের শিরোপা জিতে নিয়েছেন কাজাখ তারকা অ্যালেকজান্ডার বাবলিক। ফাইনালে তিনি ৬-৩ ও ৭-৬ (৭-৪) গেমে ধরাশায়ী করেন রুশ তারকা দানিল মেদভেদেভকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

