ফ্ল্যামেঙ্গো আগেই নকআউটে পা রেখে ফেলেছে। ব্রাজিলিয়ান ক্লাবটি ক্লাব বিশ্বকাপে চমক দেখিয়েছে টানা দুই ম্যাচ জিতে। কিন্তু ইউরোপিয়ান জায়ান্ট টিম হয়েও যেন উল্টো রথে চলছে চেলসি। এখনো ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে পারেনি দ্য ব্লুজ শিবির। দুই ম্যাচ খেলে এক জয় আর এক হারে ৩ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানে পড়ে আছে ক্লাবটি। স্বাগতিক ক্লাব লস অ্যাঞ্জেলেসকে হারিয়ে বৈশ্বিক মিশন শুরু করেছিল অবশ্য চেলসি। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসেই ফ্ল্যামেঙ্গোর কাছে হারের তেতো স্বাদ হজম করে কোচ এনজো মারেসকার শিষ্যরা।
গ্রুপ পর্বের টিকিট ছিনিয়ে নিতে হলে নিজেদের শেষ ম্যাচ যে করেই হোক জিততেই হবে চেলসিকে। গ্রুপ পর্বে আজ তাদের প্রতিপক্ষ তিউনেশিয়ান ক্লাব ইএস তিউনিস। ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে দুদল মুখোমুখি হবে সকাল ৭টায়। আফ্রিকান টিম তিউনিসের পয়েন্টও চেলসির সমান ৩ পয়েন্ট। গোল ব্যবধানে অবশ্য পিছিয়ে তারা। জিতলে চেলসির হৃদয় ভেঙে নকআউটে নাম লিখবে তিউনিস। তবে ম্যাচটি ড্র হলে সুযোগ থাকবে চেলসির এগিয়ে যাওয়ার। একই সময়ে মাঠে নামবে ফ্ল্যামেঙ্গোও। তারা মোকাবিলা করবে লস অ্যাঞ্জেলেসকে। এ ম্যাচ জিতলে তো কথাই নেই, ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে খেলবে ব্রাজিলিয়ান দলটি। তবে বড় ব্যবধানে জিতলে পারলে চেলসিও হতে পারে গ্রুপ সেরা।
ক্লাব ফুটবলের মহাযজ্ঞের নকআউটের লড়াইয়ে নামতে যাচ্ছে বরুশিয়া ডর্টমুন্ডও। আজ বুধবার রাত ১টায় জার্মান জায়ান্ট ক্লাবটি খেলবে দক্ষিণ কোরিয়ান দল উলসানের বিপক্ষে। একই লক্ষ্য সামনে রেখে ব্রাজিলের ফ্লুমিনেন্স মুখোমুখি হবে মামেলোদি সানডাউনসের। সমান ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষ দুই রয়েছে যথাক্রমে ফ্লুমিনেন্স ও বরুশিয়া ডর্টমুন্ড। ৩ পয়েন্টের পুঁজি নিয়ে তিনে আছে মামেলোদি। ফ্লুমিনেন্সকে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকার টিমটি উঠে যাবে শেষ ষোলোতে। আর টানা হারে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে উলসানের।
মুখোমুখি
ইএস তিউনিস-চেলসি
লস অ্যাঞ্জেলেস-ফ্ল্যামেঙ্গো
বরুশিয়া ডর্টমুন্ড-উলসান
মামেলোদি সানডাউনস-ফ্লুমিনেন্স
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

