শুরুর আগে শঙ্কা থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে খুশির খবর নিয়েই। সদ্য শেষ হওয়া সভার মূল আলোচ্য বিষয় ছিল এশিয়া কাপ। এই ইস্যুতে সন্তুষ্ট সংস্থাটির সভাপতি মহসিন নাকভি। তারই সূত্র ধরে এবার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চে একই গ্রুপে ভারত ও পাকিস্তানের খেলার বিষয়টিও সামনে চলে এসেছে।
ঢাকায় অনুষ্ঠিত এসিসির সাধারণ সভায় উপস্থিত হননি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো প্রতিনিধি। তবে ভার্চুয়ালি সভায় যোগ দেন সংস্থাটির সহ-সভাপতি রাজীব শুক্লা। সভা শেষে নাকভি বলেন, ‘খুব দ্রুতই এশিয়া কাপের সূচি প্রকাশ করা হবে। বিষয়টি নিয়ে আমরা ভারতের সঙ্গে কথা বলেছি। এটা সমাধান হয়ে যাবে। ঝুলে থাকা বিষয়গুলো নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নিব আমরা।’
নাকভির সে কথার পর ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, কয়েকদিনের মধ্যেই টুর্নামেন্টের সূচি ঘোষণা করবে বিসিসিআই। এমনকি ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার একটি সূত্র তাদের জানিয়েছে, টুর্নামেন্টে একই গ্রুপে থাকছে দুই চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। সেক্ষেত্রে অন্তত দুইবার মুখোমুখি হতে পারে তারা। প্রথমবার গ্রুপ পর্বে। এরপর সুপার সিক্সে। সেখান থেকে ফাইনালে উঠলে আরো একবার পাক-ভারত লড়াই দেখতে পারবে ভক্তরা।
এশিয়া কাপের এবারের আয়োজক ভারত। কিন্তু টুর্নামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সংবাদ সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছে এসিসির একটি সূত্র। এসিসি আগেই সিদ্ধান্ত নিয়েছে- ভারত কিংবা পাকিস্তান আয়োজক হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। অর্থাৎ এশিয়া কাপ আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

